Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবলারদের পাশে মোলিনা

হর্য-বিষাদ! ম্যাচ শেষে যুবভারতীর একপ্রান্তে উত্সবের আবহ। অপর প্রান্তে শ্মশানের নিস্তব্ধতা। দিমিত্রি পেত্রাতোস মাথা নীচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছেন।

ফুটবলারদের পাশে মোলিনা
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: হর্য-বিষাদ! ম্যাচ শেষে যুবভারতীর একপ্রান্তে উত্সবের আবহ। অপর প্রান্তে শ্মশানের নিস্তব্ধতা। দিমিত্রি পেত্রাতোস মাথা নীচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। দীপ্যেন্দু, ম্যাকলারেনরাও ফ্যাকাশে মুখে মাঠ ছাড়ছেন। কিন্তু সাইডলাইন থেকে কোচ সবাইকে ফের মাঠে পাঠালেন। জোড়হাতে সমর্থকদের সান্ত্বনা দিতে। থুড়ি, ক্ষমা চাইতে। এই পর্ব শেষ হতেই ফের গোমড়া মুখে মাঠে বসে পড়লেন সবুজ-মেরুন ফুটবলারদের কেউ কেউ! মাথা নত করে মাঠ ছাড়লেন মোহন বাগান কোচ মোলিনা। সাম্প্রতিককালে যুবভারতীতে এমন ছবি খুব কমই দেখা গিয়েছে।

Advertisement

ডার্বিতে কেউ ফেভারিট হয় না! ময়দানের সেই প্রাচীন প্রবাদ আরও একবার ধ্রুব সত্য। রবিবার বড় ম্যাচের আগে সবাই মোহন বাগানকে ফেভারিট মানছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম মিনিট থেকেই একচেটিয়া দাপট দেখাল লাল-হলুদ ব্রিগেড। ২৪ ঘণ্টা আগে অনুশীলনে হোসে মোলিনা বারবার ফুটবলারদের সতর্ক করেছিলেন, চাপ কাটিয়ে মাঠের লড়াইয়ে সেরাটা মেলে ধরতে পারলেই আসবে সাফল্য। কিন্তু রবিবার আত্মতুষ্টির খেসারত দিলেন লিস্টন-সাহালরা। পাশাপাশি দিমিত্রি, ম্যাকলারেন যে ম্যাচ ফিট নন, তাও রীতিমতো প্রকট। তাই মর্যাদার ম্যাচে হারতে হল মোহন বাগানকে। কলকাতা লিগ তাদের কাছে গুরুত্বহীন, ডুরান্ড কাপের শেষ আট থেকে বিদায়। তাহলে হাতে থাকল কী? অনিশ্চিত আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্ব। দেখা যাক, আত্মতুষ্টি নিয়ে কতদূর এগতে পারে মোলিনার এই দল। 
সবুজ-মেরুন কোচের কথায়, ‘সত্যি বলতে, প্রথমার্ধে আমরা খুব খারাপ ফুটবল খেলেছি। দলের সেরা ফুটবলারদের ওরা কড়া মার্কিংয়ে রেখেছিল। সেটাই স্বাভাবিক। তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। লিস্টনের অসাধারণ ফ্রি-কিক পোস্টে না লাগলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এছাড়া, আশিস রাইয়ের শটও দুরন্ত বাঁচিয়েছে ইস্ট বেঙ্গল গোলরক্ষক। কোথায় ভুল হয়েছে তা নিয়ে আলোচনা করব।’ ফুটবলারদের ফিটনেসের অভাব চোখে পড়ল, সেটাই কী ফ্যাক্টর হয়ে দাঁড়াল? মোলিনার জবাব  ‘এই ম্যাচ খেলার জন্য সবাই ফিট ছিল। তাই এইঅজুহাত দিতে চাই না। তবে এটা ঠিক, আমরা প্রি-সিজনে রয়েছি। ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে। এই টিম নিয়ে আমি চিন্তিত নই। কাল আবার সূর্য উঠবে।’

সম্পর্কিত সংবাদ