Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডুরান্ডে প্রতিপক্ষ ডায়মন্ডহারবার, চোট সমস্যায় জর্জরিত মোহন বাগান, আজ মোলিনা-কিবুর মগজাস্ত্রের লড়াই

বছর ছয়েক আগে কথা। মোহন বাগানের কোচ তখন কিবু ভিকুনা। ক্লাব তাঁবুতে সংস্কারের কাজ চলায় ক্যান্টিনেই সাংবাদিক বৈঠক করতেন তিনি।

ডুরান্ডে প্রতিপক্ষ ডায়মন্ডহারবার, চোট সমস্যায় জর্জরিত মোহন বাগান, আজ মোলিনা-কিবুর মগজাস্ত্রের লড়াই
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়  কলকাতা

Advertisement

বছর ছয়েক আগের কথা। মোহন বাগানের কোচ তখন কিবু ভিকুনা। ক্লাব তাঁবুতে সংস্কারের কাজ চলায় ক্যান্টিনেই সাংবাদিক বৈঠক করতেন তিনি। শুক্রবার ক্যান্টিনে সমর্থকদের আড্ডায় ভেসে এল কিবুর প্রসঙ্গ। না থেকেও মোহন বাগানে অদৃশ্য উপস্থিতি স্প্যানিশ কোচের। শনিবার ডুরান্ড কাপে কিবুর ডায়মন্ডহারবার এফসি’র মুখোমুখি মোহন বাগান। পালতোলা নৌকার বর্তমান ও প্রাক্তন কোচের দ্বৈরথ ঘিরে সরগরম ময়দান। এদিনই আবার ছিল হোসে মোলিনার জন্মদিন। ম্যাচ জিতলে সেটাই হবে বার্থডে গিফট। 
ক্লাব তাঁবুতে শুক্রবার সাংবাদিক সম্মেলনেও কিবুকে সমীহ করলেন মোলিনা। বাগান কোচের কথায়, ‘জানি, কিবু অতীতে মোহন বাগানকে ট্রফি দিয়েছেন। তবে সবুজ-মেরুন দল মাঠে নামে জেতার জন্যই।’ মোলিনাকে আত্মবিশ্বাসী শোনালেও চোট সমস্যায় জর্জরিত টিম। শুভাশিস, মনবীর সিং, আলবার্তো, কিয়ান, সুহেল নেই। কার্ড সমস্যায় খেলতে পারবেন না দীপ্যেন্দুও। মরশুমের শুরুতেই এত চোট-আঘাত! প্লেয়ারদের ফিটনেস নিয়ে রীতিমতো বিরক্ত কোচ। তিনি বলছিলেন, ‘দু’টি মরশুমের মধ্যে এতটা সময় ছুটির কোনও মানে হয় না। এতে ভারতীয় ফুটবলেরই ক্ষতি।’ রক্ষণভাগের সমস্যা নিয়েই বেশি চিন্তিত মোলিনা। তাই ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ দর্শনে প্রতিপক্ষ বধের ছক কষছেন তিনি। তবে আপুইয়া কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছেন শিবিরে। এদিন সকালেই ডিসিপ্লিনারি কমিটির তরফে মোহন বাগানকে জানানো হয়েছে, লাল কার্ড দেখা মিজো মিডিও’র নির্বাসন এক ম্যাচের। ফলে শনিবার খেলতে অসুবিধা নেই তাঁর। তবে দেরি করে সিদ্ধান্ত জানানোয় চটেছেন কোচ। মোলিনা বলছিলেন, ‘আপুইয়াকে ছাড়াই তো পরিকল্পনা করছিলাম। এখন তাতে পরিবর্তন করতে হবে। এই সিদ্ধান্ত আরও আগে জানানো উচিত ছিল।’ কোচের ইঙ্গিত অনুযায়ী, আপুইয়ার সঙ্গে মাঝমাঠে অভিষেক সূর্যবংশী ও অনিরুদ্ধ থাপাকে খেলানো হতে পারে। এদিকে, বৃহস্পতিবার রাতেই শহরে পা রেখেছেন দিমিত্রি পেত্রাতোস। সমর্থকদের কাঁধে চেপে বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় তাঁকে। আর শুক্রবারই নেমে পড়লেন অনুশীলনে। তবে শনিবারের ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না মোলিনা। সিঙ্গল স্ট্রাইকারে ম্যাকলারেনকে রেখেই মহড়া সেরেছেন কোচ। দুই উইংয়ে লিস্টন ও সাহাল। লিস্টন ইতিমধ্যেই ডুরান্ডে চারটি গোল করেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন, ‘মরশুমের শুরুটা ভালো করেছি। শনিবারও সেই ছন্দ ধরে রেখে টিমকে জেতাতে চাই।’ 
পক্ষান্তরে, কিবুর সৌজন্যও দেখার মতো। তাঁর কথায়, ‘মোহন বাগান সর্বদাই আমার কাছে স্পেশাল। তবে নক-আউটের নিরিখে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এক ইঞ্চি জমিও ছাড়ব না।’ তাঁর দলও ছন্দে রয়েছে। মোহন বাগানের থেকে গোল পার্থক্যেও এগিয়ে তারা। আক্রমণভাগে লুকা মাজেন, ক্লেটন, জবি জাস্টিনের মতো ফুটবলার রয়েছেন। তাই শনিবার যুবভারতীতে সেয়ানে-সেয়ানে টক্কর।

Advertisement
সম্পর্কিত সংবাদ