Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোচ হিসাবে হাবাসের চেয়েও এগিয়ে মোলিনা: দেবাশিস দত্ত

গত কয়েকটি মরশুমে দুরন্ত সাফল্য পেয়েছে মোহন বাগান। স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে

কোচ হিসাবে হাবাসের চেয়েও এগিয়ে মোলিনা: দেবাশিস দত্ত
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রশ্ন: গত কয়েকটি মরশুমে দুরন্ত সাফল্য পেয়েছে মোহন বাগান। স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। এবার দল গঠন কেমন হয়েছে? ধারবাহিকতা বজায় রাখতে পারবে তো মোলিনা-ব্রিগেড?

Advertisement

উত্তর: মাউন্ট এভারেস্টে ওঠা খুবই শক্ত। কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে থাকা আরও কঠিন। প্রথম বছর আমরা আইএসএল কাপ জিতি। পরেরবার লিগ-শিল্ড। আর গতবার তো দুটোই পেয়েছি। তাই সমর্থকদের প্রত্যাশা বাড়াটাই স্বাভাবিক। গতবারের দল এবার আমরা প্রায় ধরে রেখেছি। ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আশাবাদী। 
প্রশ্ন: অনেক কোচের সান্নিধ্য পেয়েছেন। কাছ থেকে দেখেছেন। আপনার পছন্দের সেরা বিদেশি এবং স্বদেশি কোচ কে বা কারা?
উত্তর: বিদেশিদের মধ্যে অবশ্যই সেরা হোসে মোলিনা। এছাড়া আমার পছন্দের তালিকায় অবশ্যই থাকবে করিম বেঞ্চারিফা এবং কিবু ভিকুনা। কিন্তু মোলিনা সবার সেরা। এমনকী, হাবাসের থেকেও বড় স্ট্র্যাটেজিস্ট। ভারতীয় কোচেদের মধ্যে পিকে ব্যানার্জি, অমল দত্ত এবং সুব্রত ভট্টাচার্যের নাম অবশ্যই বলতে হবে। 
প্রশ্ন: অতীতে কলকাতা লিগ থেকে বহু ফুটবলার উঠে এসেছেন। ইদানীং এই আসর আপনাদের কাছে গুরুত্বহীন। কেন?
উত্তর: ঘরোয়া লিগ মোটেই আমাদের কাছে গুরুত্বহীন নয়। এই প্রতিযোগিতা থেকে ফুটবলার তুলে আনাই লক্ষ্য। এখান থেকেই দীপ্যেন্দু, সুহেলরা উঠে এসেছে। চ্যাম্পিয়ন হওয়া তো অবশ্যই টার্গেট। কিন্তু প্রতিভাবান ফুটবলারদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার দায়িত্ব তো ক্লাবগুলির। 
প্রশ্ন: আইএসএল কি হবে?
উত্তর: নিশ্চয়ই হবে। সুপ্রিম কোর্টের রায়ের দিকে সাগ্রহে তাকিয়ে আছি। আশা করব, ফেডারেশন এবং এফএসডিএল নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে জট কাটাবে।
প্রশ্ন: বর্তমানে বিবিধ সমস্যায় জর্জরিত মহমেডান স্পোর্টিং। কীভাবে তারা স্বমহিমায় ফিরতে পারে?
উত্তর: আই লিগ এবং আইএসএলের মধ্যে বিস্তর পার্থক্য। আর এটাই মহমেডান স্পোর্টিং বোঝেনি। জানি, ওরা এখন বেশ সমস্যায়। তবে ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ বাংলার তিন প্রধানের উপরেই আছে। দিদিই ইস্ট বেঙ্গলকে ইনভেস্টর জোগাড় করে দিয়েছেন। মহমেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রেও তেমন কিছু হলে অবাক হব না।
প্রশ্ন: ভারতীয় ফুটবলের নতুন কোচ হলেন খালিদ জামিল। তাঁর হাত ধরে কি সাফল্য পাওয়া সম্ভব?
উত্তর: স্বদেশি কোচ নিয়োগ অবশ্যই ভালো সিদ্ধান্ত। তবে খালিদ জামিল কেন, কেউই রাতারাতি ভারতীয় ফুটবলকে বদলে দিতে পারবেন না। এরজন্য প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ