Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন মোলিনা, কামিংসরা

হোসে মোলিনার অপেক্ষায় মোহন বাগান। আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন স্প্যানিশ কোচ। তার পরই সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দেবেন বিদেশি ফুটবলাররা।

আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন মোলিনা, কামিংসরা
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোসে মোলিনার অপেক্ষায় মোহন বাগান। আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন স্প্যানিশ কোচ। তার পরই সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দেবেন বিদেশি ফুটবলাররা। ডুরান্ড কাপের কথা মাথায় রেখে অবশ্য দ্রুত অনুশীলন শুরু করছে মোহন বাগান। ২৬ জুলাইয়ের মধ্যে সাহাল, আপুইয়াদের শহরে পৌঁছনোর কথা। যুদ্ধকালীন তৎপরতায় মোহন বাগান মাঠ সংস্কারের কাজ চলছে। সেক্ষেত্রে ঘরের মাঠেই প্রস্তুতি শুরুর ভাবনায় টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহন বাগান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। তবে সাদা-কালো ব্রিগেডের অবস্থা বেশ করুণ। ট্রান্সফার ব্যানের আওতায় থাকায় নতুন ফুটবলার সই করাতে অপারগ তারা। এই গ্রুপের বাকি দুই দল বিএসএফ ও ডায়মন্ডহারবার এফসি। তবে কিবু ভিকুনা ব্রিগেডও বেশ শক্তিশালী। তাই ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে বিদেশি সহ বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলানোর ভাবনায় থিঙ্কট্যাঙ্ক। অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে ডাক পেয়েছেন সুহেল ভাট, দীপ্যেন্দু বিশ্বাসরা। তাই ডুরান্ড কাপে তাদের পাওয়া মুশকিল।

Advertisement

গত মরশুমে ভারত সেরা মোহন বাগান। পালতোলা নৌকাকে নিয়ে এবারও প্রত্যাশা তুঙ্গে। স্কোয়াড ধরে রাখার পাশাপাশি কিছু ফাইন টিউনিং সেরেছে টিম ম্যানেজমেন্ট। উইং ব্যাকে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফুটবলার অভিষেক সিং। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জালে তুলেছে মোহন বাগান। গত মরশুমে পাঞ্জাব এফসি’র হয়ে নজর কাড়েন তিনি। শুক্রবার অভিষেককে ছাড়াই প্রি-সিজন প্রস্তুতি শুরু করেছে পাঞ্জাব এফসি। এমনকী দলের হোয়াটস অ্যাপ গ্রুপেও নেই ফুটবলারটি। পাশাপাশি মেহতাব সিংকে নিয়ে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে। মুম্বই সিটি থেকে মেহতাবকে তুলতে বিশাল ট্রান্সফার ফি প্রয়োজন। সঙ্গে মোটা বেতন তো রয়েইছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন কর্তারা। যা পরিস্থিতি তাতে মোহন বাগানে না এলে মুম্বই সিটিতেই থেকে যেতে পারেন তিনি।

সম্পর্কিত সংবাদ