Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন মঈনের বাবা-মা

পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব হিসেবে ভারত যখন ‘অপারেশন সিন্দুর’ চালাচ্ছে, তখন রীতিমতো টেনশনে ছিলেন মঈন আলি

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন মঈনের বাবা-মা
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব হিসেবে ভারত যখন ‘অপারেশন সিন্দুর’ চালাচ্ছে, তখন রীতিমতো টেনশনে ছিলেন মঈন আলি। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারের বাবা-মা তখন পাক অধিকৃত কাশ্মীরে। উদ্বেগে কেটেছে সময়। এক পডকাস্টে সেই সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তনী মঈন বলেছেন, ‘পাক অধিকৃত কাশ্মীরের যে জায়গায় ভারত আক্রমণ করেছিল, তার থেকে বড়জোর ঘণ্টাখানেকের দূরত্বে ছিল বাবা-মা। আমরা তাই অস্থির হয়ে উঠেছিলাম। প্রথম যে ফ্লাইট পায়, তাতেই তড়িঘড়ি ওরা চলে আসে। তখন স্বস্তির শ্বাস ফেলি।’

Advertisement

সাময়িক বিরতির পর আইপিএল শুরু হলেও তা খেলতে ভারতে ফেরেননি মঈন। সেই প্রসঙ্গে অফ স্পিনার বলেছেন, ‘কাশ্মীরের জঙ্গি হানার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর হঠাৎ পরিস্থিতি দ্রুত বদলাতে লাগল। মুহূর্তের মধ্যে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। তখন সবাই ভারত ছেড়ে বেরতে ব্যস্ত হয়ে উঠি। পরিবারকে সুরক্ষিত রাখাই তখন একমাত্র লক্ষ্য ছিল। আত্মীয়রা দুশ্চিন্তায় পড়ে ঘরে ফিরতে বলছিল। তাঁদের চিন্তা কমাতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা হল, কী যে হচ্ছে, তা স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না। অনেকেই বলছিল, ‘‘না, যুদ্ধ নিশ্চয়ই হবে না। সবকিছু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আগেও তো এমন ঘটনা ঘটেছে।’’ আবার উল্টো কথাও বলছিল অনেকে, ‘‘সামনে যুদ্ধ।’’ ফলে দিশাহারা লাগছিল।’
মঈন আরও বলেন, ‘মিডিয়ায় নানা রকমের খবর দেখেছি। কোনটা সত্যি, বোঝার উপায় ছিল না। আর সেটাই ভয় ধরিয়ে দেয়। পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা, জানতে পারছিলাম না। উড়ান বন্ধ হয়ে গেলে আটকে থাকতে হবে, এটাই ছিল ভয়ের। তবে স্থানীয় ক্রিকেটারদের অবস্থা ছিল আরও খারাপ। ওরা তো নিজেদের জায়গা থেকেই বুঝতে পারছিল না আসলে কী ঘটেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ