নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটি কাটিয়ে সোমবার প্রস্তুতি শুরু করছে মোহন বাগান। প্রথম দিনের অনুশীলনে অবশ্য দেখা যাবে না নতুন কোচ সের্গিও লোবেরাকে। রবিবার রাত পর্যন্ত ভিসা পাননি তিনি। একই অবস্থায় সহকারী কোচ ডেভিড ডেওগ্রাসিয়া মার্কুয়েজও। তবে দলের অধিকাংশ ফুটবলার রবিবার কলকাতায় পা রেখেছেন। এদিন হোটেলেই মেডিক্যাল টেস্ট হয়েছে ফুটবলারদের। সোমবার বিকেলে মাঠে নেমে পড়বে দল। প্রথমে ঠিক ছিল যুবভারতীতে হবে প্র্যাকটিস। পরে তা বদলে ঘরের মাঠে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।
চলতি মরশুমের শুরু থেকেই ছন্দহীন দেখাচ্ছে মোহন বাগানকে। ডুরান্ড কাপের সেমি-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে হার। প্রকট হয়েছিল দলের ফিটনেস সমস্যা। অস্ট্রেলিয়ান ফুটবলাররা তো একেবারেই বেরং ছিলেন। ছন্দে পাওয়া যায়নি উইঙ্গার রবসন রবিনহোকেও। পরে আইএফএ শিল্ড জিতলেও সুপার কাপে ফের মুখ থবড়ে পড়ে হোসে মোলিনা ব্রিগেড। গ্রুপ পর্ব থেকে বিদায়ের জেরে ছাঁটাই হন কোচ স্প্যানিশ কোচ। এবার দায়িত্ব নিতে চলেছেন লোবেরা। তবে তাঁর কাজটা মোটেই সহজ হবে না। প্রথমত, ভিন্ন পরিবেশে হেভিওয়েট ড্রেসিং-রুম সামলাতে হবে তাঁকে। তার উপর ছুটি কাটিয়ে ফেরা ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তা তো থাকছেই। সর্বোপরি সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে হবে তাঁকে। লোবেরা অবশ্য অভিজ্ঞ কোচ। মুম্বই, ওড়িশার মতো দলকে কোচিং করানোর সুবাদে ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন। তাঁর অধীনে সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড।