নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেভেলপমেন্ট লিগে জয় দিয়ে অভিযান শুরু করল মোহন বাগান। শুক্রবার নৈহাটিতে আইএফএ’র ফিউচার চ্যাম্পসকে ১-০ গোলে পরাস্ত করে সবুজ-মেরুন ব্রিগেড। একমাত্র লক্ষ্যভেদ রোহিত সিংয়ের। প্রতিপক্ষ গোলরক্ষক নিশান্ত টোপ্পো রুখে না দাঁড়ালে ব্যবধান আরও বাড়ত। তা ছাড়া অনভিজ্ঞতাও ফ্যাক্টর। এদিকে, মোহন বাগান জিতলেও ধাক্কা খেল ইস্ট বেঙ্গল। এদিন ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ০-১ গোলে পরাস্ত হয় তারা। গোল নষ্টের প্রদর্শনীতে বিরক্ত লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। উল্টে দ্বিতীয়ার্ধের শেষদিকে দুরন্ত প্রতি-আক্রমণ থেকে জাল কাঁপান ইউনাইটেডের সৌম্যজিৎ তরফদার।



