Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

লিগের ডার্বিতে ছাংতেদের খেলাতে চায় মোহন বাগান

ডুরান্ড কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে মুখ থুবড়ে পড়েছে মোহন বাগান। সমালোচনায় বিধ্বস্ত টিম ম্যানেজমেন্ট ঘরোয়া লিগেই শোধ তুলতে মরিয়া।

লিগের ডার্বিতে ছাংতেদের খেলাতে চায় মোহন বাগান
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে মুখ থুবড়ে পড়েছে মোহন বাগান। সমালোচনায় বিধ্বস্ত টিম ম্যানেজমেন্ট ঘরোয়া লিগেই শোধ তুলতে মরিয়া। গত মরশুম পর্যন্ত তাদের কাছে কলকাতা লিগ ছিল দ্বিতীয় শ্রেণির প্রতিযোগিতা। অথচ এবার লিগের ডার্বির আগে আপুইয়া, ছাংতে সহ অধিকাংশ সিনিয়র ফুটবলারকেই রেজিস্ট্রেশন করানো হচ্ছে। এর আগে সাহাল, মনবীর, বিশাল, শুভাশিস, লিস্টনদের লিগের ম্যাচ খেলানো হয়েছিল। ফলে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই ডার্বিতে নামার ভাবনায় সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। ইস্ট বেঙ্গলকে কড়ায় গণ্ডায় শক্তি বুঝিয়ে দিতে চায় গঙ্গাপাড়ের ক্লাব। তবে বড়ো ম্যাচের দিনক্ষণ নিয়ে টালবাহানা চলছেই। মঙ্গলবার বারাসত স্টেডিয়াম পরিদর্শনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন আইএফএ সচিব। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে, সোমবার রাতে কলকাতায় পা রাখেন স্কট ফুটবলার লি আরউইন। মঙ্গবার অনুশীলন শুরু করার সম্ভাবনা রয়েছে মোহন বাগানের ষষ্ঠ বিদেশির। এদিন অনুশীলনে ছুটি দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ পানোস। আইএফএ শিল্ডের আগে ম্যাকলারেন, মিগুয়েল, ছাংতে ও আরউনিদের ফিট করাই গ্রিক কোচের প্রধান কাজ। তবে তাঁর চিন্তার কারণ হতে পারে রক্ষণ। সদ্যসমাপ্ত ডুরান্ড কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলের কাছে ৪ গোল হজম করেছে সবুজ-মেরুন ডিফেন্স। সেই ড্যামেজ কন্ট্রোলের গুরুভারও রয়েছে কোচের কাঁধে। সূত্রের খবর, লেফট ব্যাক শুভাশিস বসুর উপর তেমন আস্থা রাখতে পারছে না ম্যানেজমেন্ট। তাই তাঁর বিকল্পের খোঁজ চালানো হচ্ছে। এদিকে, রবসন রবিনহো ফিরছেন তাঁর পুরানো ক্লাব বাংলাদেশের বসুন্ধরা কিংসে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ