নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর কদমে আইএসএলের প্রস্তুতি চলছে মোহন বাগানে। ফেডারেশনের খসড়া সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করাই লক্ষ্য নতুন কোচ সের্গিও লোবেরার। তাই ম্যাচ প্র্যাকটিসের উপরই আস্থা রাখছেন স্প্যানিশ কোচ। আগামী শনিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে পরপর দু’টি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। বিকেলে ঝাড়গ্রাম বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে খেলার পর সন্ধ্যায় বারাকপুর স্পোর্টস ক্লাবের সঙ্গে খেলবেন জেমি ম্যাকলারেনরা। বুধবার অনুশীলনে দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের উপর জোর দিলেন কোচ লোবেরা। কখনও রক্ষণের ফুটবলারদের বিরুদ্ধে আক্রমণভাগকে লড়িয়ে দিলেন, আবার কখনও দলকে সমান ভাগে ভাগ করিয়ে খেলালেন। পাশাপাশি সেটপিসের উপরেও বাড়তি নজর দিতে দেখা গেল স্প্যানিশ কোচকে।



