Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইএসএলের উদ্বোধনী ম্যাচ, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে মোহন বাগান

আইএসএলের উদ্বোধনী ম্যাচেই ডার্বি আয়োজনের পরিকল্পনা করেছিল ফেডারেশন। কিন্তু খসড়া সূচি দেখে বদলের আর্জি জানায় ক্লাব জোট।

আইএসএলের উদ্বোধনী ম্যাচ, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে মোহন বাগান
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের উদ্বোধনী ম্যাচেই ডার্বি আয়োজনের পরিকল্পনা করেছিল ফেডারেশন। কিন্তু খসড়া সূচি দেখে বদলের আর্জি জানায় ক্লাব জোট। ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হল নতুন সূচি। সব ঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহন বাগান। ঘরের মাঠে কেরালাইটদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে লোবেরা ব্রিগেড। পরের দিন অ্যাওয়ে ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ১৬ ফেব্রুয়ারি মাঠে নামবে ইস্ট বেঙ্গল। হোম ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু বহু প্রতীক্ষিত ডার্বি কবে হতে পারে? এক্ষেত্রে ৩ মে বড় ম্যাচ আয়োজনের ভাবনায় ফেডারেশন। কিন্তু নির্বাচনের মরশুমে কলকাতায় বড় ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। পাশাপাশি ইন্টার কাশী ও মুম্বইয়ের হোম গ্রাউন্ড নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এর আগে কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চায়নি ইন্টার কাশী। ফেডারেশনকে চিঠি দিয়ে অ্যাওয়ে ম্যাচ দেওয়ার অনুরোধ জানায় তারা। পাশাপাশি মুম্বইও অন্য ভেন্যুতে ম্যাচ খেলতে চায়। শোনা যাচ্ছে প্রয়োজনে গোয়ার মাঠ ব্যবহার করতে রাজি মুম্বই ম্যানেজমেন্ট। কেরল ব্লাস্টার্সের পছন্দ কোঝিকোড়।

Advertisement

আইএসএল শুরু হতে এক মাসও বাকি নেই। এমন পরিস্থিতিতে ক্লাব জোটের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এর আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটি করে ম্যাচ আয়োজনের ভাবনা  ছিল ফেডারেশনের। শুক্র, শনি ও রবিবার ডাবল হেডারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আপাতত সেই পরিকল্পনা চৌপাট। বরং ক্লাবজোটের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের সুবিধামতো সূচি চাওয়া হয়েছে। সূত্রের খবর, এই খসড়া সূচিতেই দ্রুত সিলমোহর দিতে পারে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এছাড়া ২৩ মার্চ থেকে ফিফা ফ্রেন্ডলির জন্য কয়েকদিন বন্ধ থাকবে লিগ। ১৭ মে আইএসএল শেষ করতে চায় এআইএফএফ।

এদিকে, চলতি মরশুমে ভারত ছাড়লেন হুগো বোমাস। ওড়িশা এফসি থেকে মালয়েশিয়ার সেলেঙ্গর এফসি’তে লিয়েনে চুক্তিবদ্ধ হলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ