Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আত্মতুষ্টি ভুলে কাস্টমসকে হারাতে মরিয়া মোহন বাগান

আট ম্যাচে চারটে জয়। দুটো হার। আর বাকি দুটোয় ড্র। চলতি মরশুমে কলকাতা লিগে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে মোহন বাগান

আত্মতুষ্টি ভুলে কাস্টমসকে হারাতে মরিয়া মোহন বাগান
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আট ম্যাচে চারটে জয়। দুটো হার। আর বাকি দুটোয় ড্র। চলতি মরশুমে কলকাতা লিগে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে মোহন বাগান। গতবারের আরএফডিএল চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার দল ছাড়ায় কাজ কঠিন হয়েছে কোচ ডেগি কার্ডোজোর। তার ফলেই সুপার সিক্সের পথই বেশ কণ্টকাকীর্ণ। এমন পরিস্থিতিতে গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে বড় জয় কিছুটা হলেও পালে হাওয়া দিয়েছে। সেই ছন্দ বজায় রেখেই বুধবার নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বাধা টপকাতে মরিয়া শিবম-আদিত্যরা। ৮ ম্যাচে আপাতত ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে গঙ্গাপাড়ের ক্লাবটি। কাস্টমসের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে আরও উন্নতি করাই লক্ষ্য তাদের।

Advertisement

শেষ সাত দিনে তৃতীয় ম্যাচ খেলতে নামছে মোহন বাগান। তাই কাস্টমস ম্যাচের আগে ফুটবলারদের তরতাজা রাখাই প্রধান লক্ষ্য কোচ কার্ডোজোর। বিএসএস ম্যাচের প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা কম। চোটের কারণে এই ম্যাচেও নেই সন্দীপ মালিক। তবে বাকিদের নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ। একইসঙ্গে সুপার সিক্সের কথা ভুলে আপাতত লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য তাঁর। বললেন, ‘দু’দিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে। তাই ছেলেদের চোটমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। তারউপর, গত ম্যাচে বড় জয় যাতে কোনওরকম দলের মধ্যে আত্মতুষ্টির কাজ না করে, সেদিকেও নজর থাকছে। কাস্টমস যথেষ্ট ভালো দল। তাই তাদের হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।’
পক্ষান্তরে, ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। শেষ ম্যাচে তারা বশ মানিয়েছে পুলিস এসি’কে। এবার মোহন বাগানকে হারিয়ে সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য কাস্টমসের। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ‘আমাদের কাছে এখন প্রতিটি ম্যাচই মরণবাঁচন। বুধবার জিতলে সুপার সিক্সের অঙ্ক অনেকটাই পরিষ্কার হবে। তবে প্রতিপক্ষ যখন মোহন বাগান, তখন তো সতর্ক থাকতেই হবে।’
 নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টে।
 সরাসরি এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ