নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া রোদ। খালি চোখে সামান্য দূরে তাকাতে গেলেও চোখে অন্ধকার নেমে আসছে। তারমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিলেন জেমস কামিংস-লিস্টন কোলাসোরা। মঙ্গলবার সকালে কিশোরভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহন বাগান। ম্যাচে দুই পক্ষই মূলত বোঝাপড়ার উপর জোর দেয়। তারমধ্যেও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ কামিংস-সুহেল ভাটরা। শেষপর্যন্ত গোলশূন্য শেষ হল ম্যাচ।
ডুরান্ড কাপ চলাকালীন দলের ফুটবলারদের ফিটনেস নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না হোসে মোলিনা। তাই গত দু’সপ্তাহ এই বিষয়ে বাড়তি নজর দেন তিনি। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচেও সেই কথা মাথায় রেখেই দল সাজিয়ে ছিলেন তিনি। ম্যাকলারেন, পেত্রাতোসদের বেঞ্চে রেখে দুই বিদেশিতে প্রথম একাদশ সাজিয়েছিলেন মোলিনা। রক্ষণে টম আলড্রেডের সঙ্গে শুরু করেন মেহতাব সিং। দুই উইং-ব্যাকে আশিস রাই ও অভিষেক সিং। আপুইয়ার সঙ্গে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলেন দীপক টাংরি। সেন্ট্রাল মিডফিল্ডে সাহালের পাশে দুই উইং হাফে লিস্টন আর কিয়ান। আপফ্রন্টে কামিংস। পক্ষান্তরে, পূর্ণশক্তির দল নামিয়েছিল গোয়া।
ম্যাচের শুরু থেকেই ছোটছোট পাস খেলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন বাগান ফুটবলাররা। উইং থেকে বেশ কয়েকবার গতি বাড়িয়ে বক্সে ঢোকেন লিস্টন। তবে গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তনের পথে হাঁটেন মোলিনা। শেষ ১২ মিনিটে দিমি, ম্যাকলারেন ও রবসনকে একত্রে মাঠে নামান তিনি। অল্প সময়েই নজর কাড়লেন ব্রাজিলিয়ান তারকা। বাঁপ্রান্ত থেকে বল ধরে কাট করে ভিতরে ঢুকে সুহেল ভাটকে গোলের জন্য বল সাজিয়ে দেন । তবে নিজে গোলে শট না নিয়ে অহেতুক ম্যাকলারেনকে পাস দিতে গিয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন এই তরুণ স্ট্রাইকার। শেষপর্যন্ত গোলশূন্য ম্যাচ শেষ হলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি বাগান কোচ। বিশেষত রক্ষণে আলবার্তোর অনুপস্থিতিতে ভরসা জোগালেন মেহতাব।