Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অধরা সুপার কাপ জিততে বদ্ধপরিকর মোহন বাগান

ভারতীয় ফুটবলের প্রায় সব ট্রফিই ঝলমল করছে মোহন বাগানের ক্যাবিনেটে। ব্যতিক্রম সুপার কাপ। অধরা মাধুরীর স্পর্শ পেতেই এবার মরিয়া হোসে মোলিনা।

অধরা সুপার কাপ জিততে বদ্ধপরিকর মোহন বাগান
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের প্রায় সব ট্রফিই ঝলমল করছে মোহন বাগানের ক্যাবিনেটে। ব্যতিক্রম সুপার কাপ।  অধরা মাধুরীর স্পর্শ পেতেই এবার মরিয়া হোসে মোলিনা। শনিবার সন্ধ্যায় মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে কামিংসদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। সেই আপ্তবাক্য মাথায় রেখে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিকে শুরুতে মেপে নিতে চান স্প্যানিশ কোচ। ম্যাচের আগে মোলিনার গলায় একরাশ আত্মবিশ্বাস। বললেন, ‘এবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য।’ গত মরশুমে আগেই নিশ্চিত হয়েছিল লিগ-শিল্ড। তাই  সুপার কাপে কার্যত দ্বিতীয় দল পাঠায় টিম ম্যানেজমেন্ট। এবার পরিস্থিতি উল্টো। আইএফএ শিল্ড জয়ের আত্মবিশ্বাস পালতোলা নৌকোর পালে বাড়তি বাতাস জোগান দিচ্ছে। 

Advertisement

মোহন বাগানের টিম হোটেল থেকে আধঘণ্টার দূরত্বে উতোরদা স্টেডিয়াম। শুক্রবার সেখানেই চেন্নাইয়ান বধের প্রস্তুতি সারলেন মোলিনা। পিকচার কার্ডের মতো সাজানো। ফেন্সিংয়ের পাশে মেরুন-সবুজ বাড়িতে পর্তুগালের পতাকা আঁকা। একটা সময় গোয়া শাসন করেছে পর্তুগিজরা। শহর জুড়ে একাধিক স্থাপত্য, গির্জা তারই সাক্ষ্য বহন করে। এমনকী, বিশ্বকাপের সময় সিআরসেভেনের জন্য গলা ফাটান স্থানীয়রা। ছিমছাম পরিবেশ একাগ্রতা বাড়ানোর আদর্শ। চনমনে কামিংসদের দেখে মোলিনার মুখেও মুচকি হাসি। সুপার কাপের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ৬ বিদেশি খেলানো যাবে। মোলিনার হাতে বিকল্প প্রচুর। সেক্ষেত্রে চার বিদেশি নিয়ে শুরুতে দল সাজানোর সম্ভাবনা। এদিন ফার্স্ট ইলেভেন নিয়ে ধোঁয়াশা রাখলেন ম্যাকলারেনদের হেডস্যার। অনুশীলনে পরিষ্কার, মাঝমাঠের রাশ দখলে রেখেই বিপক্ষকে চেক-মেট করতে চান স্প্যানিশ কোচ। 
চেন্নাইয়ান এফসি এখনও বিদেশিহীন। সুপার কাপের কথা মাথায় রেখে গেয়াতেই প্রি-সিজন অনুশীলন করাচ্ছেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। দু’বছর আগে সুপার কাপে মোহন বাগানের দায়িত্বে ছিলেন তিনি। ডাগ-আউট বদলে এবার পয়েন্ট কাড়ার যুদ্ধে নামবেন তিনি। একঝাঁক পরিচিত মুখ তাঁর হাতিয়ার। প্রীতম, অঙ্কিত, ফারুখ, ইরফান, শামিকরা লড়তে তৈরি। কিন্তু হাই-প্রোফাইল মোলিনা ব্রিগেডকে রোখা সম্ভব? ম্যাচের আগে কোচ ক্লিফোর্ড বেশ ব্যাকফুটে। স্বীকার করে নিলেন মোহন বাগান দেশের সেরা। ক্লিফোর্ডের মন্তব্য, ‘কয়েকদিন অনুশীলন করে মোহন বাগানকে সামলানো বেশ কঠিন। তবে চেষ্টার ত্রুটি থাকবে না।’ জানা গেল, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে চেন্নাইয়ান। পূর্ণশক্তির দল নিয়ে কোনওরকমে চেন্নাইয়ানকে পরাস্ত করে কেরল। ভারতীয় ফুটবলারদের এই লড়াই ভরসা দিচ্ছে ক্লিফোর্ডকে।
 ফাতোরদা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার জিও হটস্টার ও স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ