Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এসিএল টু’তে আজ যাত্রা শুরু রবসনদের, আহালকে বশ মানাতে মরিয়া মোহন বাগান

সোমবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় আরও মোহময় যুবভারতী। গ্যালারি সাজানোর কাজ চলছে পুরোদমে। মৃদু হাওয়ায়  ‘জয় মোহন বাগান’ লেখা কাট-আউট দোল খায়।

এসিএল টু’তে আজ যাত্রা শুরু রবসনদের, আহালকে বশ মানাতে মরিয়া মোহন বাগান
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: সোমবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় আরও মোহময় যুবভারতী। গ্যালারি সাজানোর কাজ চলছে পুরোদমে। মৃদু হাওয়ায়  ‘জয় মোহন বাগান’ লেখা কাট-আউট দোল খায়। একই মন্ত্র বুকে নিয়েই মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’তে অভিযান শুরু করছে মোলিনা ব্রিগেড। কামিংস, রবসনদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফকে। ভারতীয় ফুটবলে অপ্রতিরোধ্য মোহন বাগান। এবার আন্তর্জাতিক সাফল্য পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। দল গড়তে টাকার থলি উপুড় করে দিয়েছে থিঙ্কট্যাঙ্ক। কর্তাদের মনের ভাষা পড়তে অসুবিধা হয়নি হোসে মোলিনার। কামিংসদের স্প্যানিশ কোচও একই নৌকার যাত্রী। ম্যাচের আগে মোলিনার ছোট্ট মন্তব্য, ‘এবার এশিয়ান ফুটবলেও কিছু করে দেখাতে চাই।’ বাস্তবে পা রেখেই অঙ্ক কষছেন তিনি। কোচের পাশে বসা অনিরুদ্ধ থাপারও চোয়াল শক্ত। বললেন, ‘কাফা নেশনস কাপে জাতীয় দল সাফল্য পেয়েছে। এবার ক্লাব ফুটবলেও আমাদের উজাড় করেদিতে হবে।’এই গ্রুপের বাকি দুই দল জর্ডনের আল হুসেইন ও ইরানের সেপাহান। 

Advertisement

এসিএল টু’তে গতবার একটি ম্যাচ খেলেছিল মোহন বাগান। তাজিকিস্তানের রভসনকে বাগে পেয়েও সেদিন ড্র করে সবুজ-মেরুন ব্রিগেড। আহালের বিরুদ্ধে আক্ষেপটা পুষিয়ে দিতে তৈরি পালতোলা নৌকো। এদিন যুবভারতীর সবুজ কার্পেটে প্রস্তুতিতে ফিনিশিং টাচ দিলেন মোলিনা। মনবীর বাদে সবাই ফিট। এমনকী পেত্রাতোসও আগের চেয়ে ঝরঝরে। তবে প্রথম একাদশে ছয় বিদেশি খেলানোর সম্ভাবনা ক্ষীণ। বরং পরিস্থিতি অনুযায়ী ফর্মেশন বদলাতে চান মোলিনা। মাঝমাঠ তাঁর দলের ইঞ্জিন। আপুইয়া, অনিরুদ্ধ থাপা, লিস্টন, সাহালদের দিয়ে মিডফিল্ড কব্জা করতে চান স্প্যানিশ বস। লক্ষ্যভেদের জন্য কামিংস, ম্যাকলারেন তো রয়েইছেন। তবে তুরুপের তাস হতে পারেন ব্রাজিলিয়ান রবসন। দেরিতে অনুশীলনে যোগ দিয়েছেন। বাড়তি মেদ ঝরালে ক্রমশ ভয়ঙ্কর হওয়ার ক্ষমতা ধরেন। কিন্তু টুকরো টাচ ও স্কিল পুরো আগুন। রবসনকে অরক্ষিত রাখলে বিপদ অনিবার্য। বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে প্রশ্নপত্রের জন্য তৈরি তিনি।
প্রতিপক্ষ আহাল কতটা শক্তিশালী? দলে নেই কোনও বিদেশি। টিম গেম তাদের অস্ত্র। এর আগে তুর্কমেনিস্তানের আলটিন আসের ও আর্কাদাগ খেলে গিয়েছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তাদের কাছ থেকে খুঁটিনাটি নোট নিয়েই ল্যাপটপ ভরিয়েছে আহাল। কলকাতায় আসার আগে ক্যাম্প করার পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। কোচ এজিজ স্পষ্টই বললেন, ‘মোহন বাগান শক্তিশালী দল। তবে  তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।’ 
এদিকে ম্যাচের আগে টিকিট বিকোচ্ছে হু হু করে। অন্তত ৫০ হাজার সমর্থক আশা করছেন মোহন বাগান কর্তারা। ম্যাচের পর মেট্রো, বাস ও ফেরি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। 
 যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-১৫ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ