নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ড্র দিয়ে মরশুম শুরু করল মহমেডান স্পোর্টিং। শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচে কলকাতা পুলিস ক্লাবের বিরুদ্ধে ২-২ গোলে শেষ হল ম্যাচ। সাদা-কালো ব্রিগেডের হয়ে লক্ষ্যভেদে সফল লালথানকিমা ও লালনাংইসকা। পুলিসের হয়ে স্কোরশিটে নাম তোলেন রাহুল নস্কর এবং সন্দীপ ওঁরাও। বৃহস্পতিবার ফিফার ব্যানে মুষড়ে পড়েছিল মহমেডান। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফেরা কঠিন ছিল মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেডের। তবু লড়াই করল রেড রোডের পাশের ক্লাবটি। এদিন ১৬ মিনিটেই লালথানকিমা জাল কাঁপিয়ে এগিয়ে দিয়েছিলেন মহমেডানকে। তিন মিনিটের মধ্যে পুলিসকে সমতায় ফেরান রাহুল। ২৯ মিনিটে ফের লিড নেয় সাদা-কালো ব্রিগেড। এবার লক্ষ্যভেদে সফল লালনাংইসকা। তবে বিরতির পরই পুলিসকে ম্যাচে ফেরান সন্দীপ।



