নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির কারণে আগেই ভেস্তে গিয়েছে বেশ কয়েকটি লিগের ম্যাচ। এবার সেই তালিকায় যোগ হল মহমেডান স্পোর্টিং বনাম রেনবো এসি ম্যাচ। রবিবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই খেলা থামাতে বাধ্য হন রেফারি। মাঠে জল জমে যাওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পরেও আর খেলা শুরু সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। পরিবর্তিত সূচিতে খেলা হবে ম্যাচের বাকি অংশ।
দিনের অপর ম্যাচে শ্রীভূমির বিরুদ্ধে দু’গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ ভবানীপুর এফসি। প্রথমার্ধে সুকুরাম সর্দার ও বিদ্যাসাগর সিংয়ের গোলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে লড়াইয়ে ফেরে শ্রীভূমি। পীযূষ সিকারওয়ারের জোড়া গোলে হার বাঁচায় গৌতম ঘোষের ছেলেরা। অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ক্যালকাটা পুলিসকে ২-১ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস। জয়ী দলের দুই গোলদাতা সুশোভন ঘোষ ও সজল মুণ্ডা। পুলিস দলটির একমাত্র গোলদাতা মহম্মদ আদিলশান।