নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরোয়া লিগে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল মহমেডান স্পোর্টিংয়ের। কিন্তু নৈহাটি স্টেডিয়ামে উয়াড়ির কাছে ১-২ গোলে হেরে তা হাতছাড়া করল মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেড। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তুললেন সাকির আলি ও রাকেশ কাপুরিয়া। সাদা-কালো ব্রিগেডের একমাত্র গোলদাতা এডিসন সিং। এই হারের ফলে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দশম স্থানে মহমেডান।
সাদার্ন সমিতি ও শ্রীভূমিকে হারিয়ে যে প্রত্যাশা জাগিয়েছিল মহমেডান তার ছিটেফোঁটা এদিনের খেলায় ছিল না। বরং তাদের অগোছালো ফুটবলের সুযোগ নিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে উয়াড়ি। ম্যাচের ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সাকির। এরপর সুযোগ নষ্ট না হলে ব্যবধান বাড়াতে পারত তারা। বিরতির পরেও ম্যাচে ফেরার তাগিদ দেখা যায়নি মহমেডান স্পোর্টিং ফুটবলারদের মধ্যে। পক্ষান্তরে, আক্রমণের চাপ বাড়িয়ে রাকেশের লক্ষ্যভেদে লিড বাড়ায় উয়াড়ি। দু’গোলে পিছিয়ে পড়ে নড়েচড়ে বসে মহমেডান। এই পর্বে এডিসন ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি। ম্যাচ শেষে মহমেডান কোচ মেহরাজউদ্দিন বলেন, ‘দল হারলেও হতাশ নেই। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে।’ এদিন লিগের অপর ম্যাচে সাদার্ন সমিতি বনাম রেনবো এফসি ম্যাচ ড্র হয়েছে। কোনও দলই গোল করতে পারেনি।