নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে ফেডারেশনের নির্বাসন। তা থেকে মুক্তি পেতেই ফিফা’র ট্রান্সফার ব্যান। ফলে নতুন মরশুমে দল গড়তে গিয়ে ঘোর বিপাকে মহমেডান স্পোর্টিং। এমন অবস্থায় একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে ঘরোয়া লিগে খেলতে হচ্ছে সাদা-কালো ব্রিগেডকে। প্রথম ম্যাচে কোনওক্রমে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে তিন গোলে হারের তিক্ত স্বাদ পেতে হয় মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেডকে। এরপর রেনবোর বিরুদ্ধে মাঠে নামলেও, বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। এই অবস্থায় বৃহস্পতিবার লিগে প্রথম জয়ের লক্ষ্যে খিদিরপুরের বিরুদ্ধে মাঠে নামছে রেড রোডের ক্লাবটি। কল্যাণীতে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া সাদা-কালো কোচ। তবে প্রথম একাদশে ছ’জন বাঙালি খেলাতেই নাজেহাল হতে হচ্ছে তাঁকে। এদিকে, ঘরোয়া লিগে প্রথম জয়ের স্বাদ পেল মেসারার্স ক্লাব। বুধবার উলুবেড়িয়া স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও কাস্টমসকে ২-১ ব্যবধানে হারাল তারা। মেসারার্সের জোড়া গোলে অ্যান্ডি মাওথোহর। কাস্টমসের একমাত্র গোলদাতা বাতাস মুর্মু।



