নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ঘরোয়া লিগের অবনমন পর্বের দ্বিতীয় ম্যাচে নামছে মহমেডান স্পোর্টিং। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। এই ম্যাচ সাদা-কালো শিবিরের কাছে নিছকই নিয়মরক্ষার। কারণ, আগের খেলায় তাদের বিরুদ্ধে দল নামায়নি সাদার্ন সমিতি। ফলে সেই ম্যাচের ভাগ্য ঝুলে লিগ সাব-কমিটির হাতে। তবে আইএফএ’র নিয়ম অনুযায়ী ওয়াকওভার দেওয়ার জন্য দু’পয়েন্ট কাটা হতে পারে সাদার্নের। পাশাপাশি তিন পয়েন্ট যুক্ত হতে পারে মহমেডানের ঝুলিতে। সেক্ষেত্রে অবনমনের আওতা থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে রেড রোডের পাশের ক্লাবটি। এবং সাদার্নের প্রথম ডিভিশনে নেমে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তা সত্ত্বেও রেলওয়ের বিরুদ্ধে ঝুঁকি নিতে নারাজ মেহরাজউদ্দিন ওয়াডু। জিতেই লিগ শেষ করতে চান তিনি। এদিন তাঁর বক্তব্য, ‘দল কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। সমর্থকদের মনের অবস্থা আমার অজানা নয়। তাঁদের মুখে হাসি ফোটাতে শনিবার জিততেই হবে।’



