Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওডিআই দলে ফিরতে পারেন মহম্মদ সামি

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেতে পারেন মহম্মদ সামি।

ওডিআই দলে ফিরতে পারেন মহম্মদ সামি
  • ১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেতে পারেন মহম্মদ সামি। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাঁকে ভারতীয় দলে রাখা হতে পারে। শেষবার তিনি টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ফিটনেস সমস্যায় বারবার উপেক্ষিত থেকেছেন। সেই কারণে দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তারকা পেসার। তবে হাল ছাড়েননি সামি। বাংলার হয়ে চলতি মরশুমে প্রায় সব ফরম্যাটেই নিয়মিত খেলেছেন, উইকেটও নিয়েছেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে চার ম্যাচে ২৩.৭৫ গড়ে তাঁর সংগ্রহ আট উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৫.৫৩ রান। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আরও বিধ্বংসী মেজাজে ছিলেন। সাত ম্যাচে ঈর্ষণীয় ১৪.৯৩ গড়ে নেন ১৬ উইকেট। রনজিতেও চার ম্যাচে ১৮.৬০ গড়ে পকেটে ২০ উইকেট। বয়সের ভার উপেক্ষা করে সামি যেভাবে বাইশ গজে আগুন ঝরাচ্ছেন, তাতে খুশি নির্বাচকরা। তাই ২০২৭ বিশ্বকাপের আগে তাঁকে আরও একবার ঝালিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে। 

Advertisement


জাতীয় দলে উপেক্ষিত সামির অভিমান হয়েছিল। ঘুরিয়ে তিনি নির্বাচকদের দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু হারিয়ে যেতে যেতে ফিরে আসা অভ্যাসে পরিণত করেছেন বর্ষীয়ান পেসার। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর চোট সমস্যায় পড়েছিলেন। তারপর একইভাবে ব্রাত্য থেকেছিলেন একাধিক সিরিজে। পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে ডাকা হয়। কিন্তু সামির পারফরম্যান্স নির্বাচকদের মন জিততে পারেনি। তাই বিকল্প চিন্তাভাবনা চলছিল। সুযোগ দেওয়া হচ্ছিল অন্যদের। কিন্তু ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সামি বড় মঞ্চের ক্রিকেটার। তেইশের ওয়ান ডে বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন। তাই তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে কাপযুদ্ধের আগে সামিকে দেখে নেওয়া জরুরি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে সামিকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। আগেও এমন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তা বাস্তবায়িত হয়নি। তাই না আঁচালে বিশ্বাস নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ