নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গণেশের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! বেলুড় বাজারের শিবচন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে গণেশপুজোর এই অভিনব থিম ঘিরে এখন তুমুল চর্চা। মণ্ডপে পাশাপাশি দু’টি চেয়ারে বসে সিদ্ধিদাতা গণেশ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’জনের হাতেই চায়ের কাপ। যেন ‘চায় পে চর্চা’। পিছনের দেওয়ালে বড়ো করে লেখা ‘হিন্দু রাষ্ট্র’। পাশে ভারতের মানচিত্র এবং সনাতনী পতাকা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে এই পুজো করে আসছেন স্থানীয় ব্যবসায়ী তথা পেশায় প্রোমোটার খোকন কাঁড়ার। প্রতি বছর এই পুজোয় নতুন কোনো থিম থাকে। এবার নিজের ভাবনা থেকেই ‘হিন্দু রাষ্ট্র’কে থিম করেছেন তিনি। খোকনবাবুর বক্তব্য, এই উপস্থাপনায় গণেশকে ধর্মের প্রতীক এবং প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। ধর্ম ও রাষ্ট্রের মিলনের ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। এই পুজোকে ঘিরে ভালো সাড়া মিলেছে বলেও দাবি করেছেন তিনি।
তবে এই থিম নিয়ে আপত্তি তুলেছেন বালির বিধায়ক সঞ্জয় সিং। তাঁর কথায়, ধর্মের সঙ্গে রাজনীতিকে এভাবে মেশানো বাংলার সংস্কৃতি নয়। প্রধানমন্ত্রী নিজেই গণেশের আরাধনা করেছেন। সেখানে সিদ্ধিদাতা গণেশের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর চা খাওয়ার দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনকি প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি ভালোভাবে নেবেন না বলে মন্তব্য তাঁর। প্রধানমন্ত্রীর প্রতি কারও ভালোবাসা থাকতেই পারে, কিন্তু তা হিন্দু ধর্মের সংস্কৃতি নয়। এদিকে, মণ্ডপে ‘চায় পে চর্চা’র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় মিম বানাচ্ছেন অনেকে। নেটিজেনদের একাংশ এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছেন না। ফলে পুজোর এই নতুন চমক ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।