জেন জির মন বুঝতে আজ খড়্গপুর আইআইটিতে মোদি, কথা বলবেন ৭৫ জন ছাত্রছাত্রীর সঙ্গে
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ, শনিবার খড়্গপুর আইআইটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের শুরুতেই ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রতিষ্ঠানের ৭৫ পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দেশের ভাবী প্রযুক্তিবিদদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী জেন-জিদের মন বুঝতে চাইছেন বলে মত সংশ্লিষ্ট মহলের। ১৯৫১ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট খড়্গপুরে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের প্রথম আইআইটি। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান দীর্ঘ ৭৫ বছর ধরে প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেই গৌরবময় যাত্রার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১১ সালে, প্রতিষ্ঠানের ডায়মন্ড জুবিলি উদযাপন অনুষ্ঠানে খড়্গপুর আইআইটিতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

Advertisement

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব দেশের প্রাচীনতম এই আইআইটিতে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে খড়্গপুর আইআইটি চত্বর সহ পুরো রেল শহরই। প্রধানমন্ত্রীর পাশাপাশি আইআইটির অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য প্রমুখ। প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে করে খড়্গপুরের কলাইকুন্ডা বিমানঘাঁটিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানাবেন শমীকবাবু, দিলীপবাবু সহ অন্যান্যরা। কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে চেপে খড়্গপুর আইআইটির হেলিপ্যাডে নামার কথা প্রধানমন্ত্রীর। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। সকাল ৯টা ৪৫ মিনিটে নেতাজি অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হবেন মোদিজি। 
প্রথমেই তিনি প্রতিষ্ঠানের ৭৫ জন পড়ুয়ার সঙ্গে ‘বিকশিত ভারত’ নিয়ে মত বিনিময় করবেন। ২০৪৭ সালের মধ্যে দেশকে আত্মনির্ভর ও বিকশিত করার বিষয়ে ভাবী প্রযুক্তিবিদদের মতামত শুনতে চান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আসলে জেন-জির আবেগকে ছুঁতে চাইছেন প্রধানমন্ত্রী, বলে মনে করছেন রাজনীতিবিদরা। বিরোধীদের মতে, সাম্প্রতিক জেন-জি আন্দোলনে ব্যাপক চাপে পড়তে হয়েছে মোদি সরকারকে। তাই তাঁর এই উদ্যোগ সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টাও বটে। জেন-জি সাক্ষাতের পর সাশ্রয়ী গভীর চিকিৎসা প্রযুক্তি এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খড়্গপুর আইআইটির বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবন ঘুরে দেখবেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে খড়্গপুর আইআইটির ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রাও প্রকাশও করবেন। মোট ৭৫ মিনিটের অনুষ্ঠান শেষে সকাল ১১টায় ফেরার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘প্রথমবার খড়্গপুর আইআইটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’  শুক্রবার খড়্গপুর আইআইটির গেটের সামনে পুলিশের তৎপরতা।-নিজস্ব চিত্র