মোদির মুখে ‘ছেদিসে’র নাম, বিক্রি বাড়ছে খড়্গপুর আইআইটির পড়ুয়াদের ‘চায়ে-পে-চর্চা’র দোকানে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মণিরাজ ঘোষ, খড়্গপুর: মোদির মুখে খড়্গপুর আইআইটির প্রাক্তনীদের প্রিয় ‘ছেদিস!’ তারপর থেকেই ভিড় বাড়ছে খড়্গপুর আইআইটির সামনে ছেদির দোকানে। দোকানের প্রতিষ্ঠাতা ‘ছেদি’ ওরফে আনোয়ার খান এখন জীবিত নেই। ২০১৪ সালে আনোয়ার সাহেবের মৃত্যুর পর দোকান সামলাচ্ছেন তাঁর দুই নাতি আফজল খান ও মজাহার খান। খড়্গপুর আইআইটির পড়ুয়া থেকে শহরবাসী বলেন, এই দোকানের ‘টিংকু বার্গার’-এর জনপ্রিয়তা আজও অমলিন। 

Advertisement

গত ২১ নভেম্বর, শনিবার খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে এসে প্রাক্তনীদের প্রিয় এই দোকানের নামই নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান মঞ্চ থেকে ওইদিন তিনি বলেছিলেন, ‘আইআইটি খড়্গপুরের জীবনের কিছু স্মৃতি চিরকাল মনে থেকে যায়। আমি বিশ্বাস করি, কয়েক দশক পেরিয়েও এখানকার প্রাক্তনীদের নিশ্চয়ই ছেদিসে চায়ে-পে-চর্চার কথা মনে থাকবে!’
মোদির দৌলতে বিখ্যাত হয়েছেন ঝাড়গ্রামের ঝালমুড়ি খ্যাত বিক্রমকুমার সাউ। আর এবার গোটা দেশ জানল খড়্গপুর আইআইটি খ্যাত ‘ছেদিস’-এর কথা। ‘ছেদিস’ আসলে খড়্গপুর আইআইটির পড়ুয়াদের চায়ে-পে-চর্চার জন্য এক জনপ্রিয় দোকান। চা-বার্গার ছাড়াও সেখানে মেলে টোস্ট, ম্যাগি, স্যান্ডউইচ, কফি প্রভৃতি। ১৯৬১ খ্রিস্টাব্দে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসেই পথচলা শুরু করে আনোয়ার সাহেবের ছোট্ট এই চা ও খাবারের দোকান। বর্তমানে যদিও তা আর ক্যাম্পাসের মধ্যে নেই। ক্যাম্পাসের সামনেই পুরীগেট রেললাইনের পাশে বেশ বড়োসড়ো আকারেই তৈরি হয়েছে ‘ছেদিস’। আনোয়ার সাহেবের নাম ‘ছেদিস’ রেখেছিলেন পড়ুয়ারাই। আইআইটির গবেষক বিক্রম সিং, রাজশ্রী পট্টনায়ক বলেন, ‘শুনেছি, আনোয়ার সাহেবের কানে ফুটো ছিল, তাই এই নাম!’ পড়ুয়ারা শোনান, এখানকার ‘টিংকু বার্গার’ আজও সমান জনপ্রিয়। ছোট্ট এই বার্গার নিয়ে আছে নানা গল্পকথাও।
আইআইটির পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের বক্তব্য, এই ছেদিস যখন ক্যাম্পাসের মধ্যেই ছিল, পড়ুয়ারা তখন হল(হস্টেল) থেকে বেরিয়ে ছুটতে ছুটতে ক্লাসরুমে ঢোকার আগে ছেদিস থেকে একটি টিঙ্কু বার্গার নিয়ে সটান মুখে চালান করে দিতেন। সেই বার্গারের সাইজ আজও ছোট্টই আছে। দাম এখন হয়েছে ৪৫টাকা। খড়্গপুরের বাসিন্দা সোমনাথ মাইতি, শ্রীতমা গুপ্ত, শুভ্রকান্তি ছেত্রী বলেন, ভাবতেও ভাল লাগে এই দোকানে বসেই একসময় আড্ডা দিয়েছেন অর্থাৎ চায়ে-পে-চর্চা করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরা। 
আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, এই ছেদিসকে ঘিরে যে কত নস্টালজিয়া রয়েছে আমাদের প্রাক্তনীদের মধ্যে, তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের প্রাচীনতম এই আইআইটির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে এসে সেটাই আরও একবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’-নিজস্ব চিত্র