নয়াদিল্লি: ইজরায়েল ও আরব দুনিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলির পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতেও হামলা চালাচ্ছে ইরান। রবিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিন জন। জখম ৫৮ জনেরও বেশি। নিহতরা পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের বাসিন্দা। এর পরেই রবিবার রাতে এক্স হ্যান্ডলে সংযুক্ত আরব আমিরশাহির পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে কথা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই।
এই কঠিন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির পাশে আছে ভারত।’ সেদেশে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমিরশাহির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এর মধ্যেই রবিবার তেহরানে দূতাবাস বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক। ইরান থেকে তাদের রাষ্ট্রদূত ও সমস্ত কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। আজ, সোমবার ও মঙ্গলবার দেশের স্টক মার্কেট বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে ইউএই ক্যাপিটাল মার্কেট অথরিটি।