Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাটা আঙুলই ধরিয়ে দিল মোবাইল ছিনতাইকারীকে, উদ্ধার চোরাই বাইক

ডানহাতের কাটা আঙুলই ধরিয়ে দিল চোরাই বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে। সুব্রত সরকার নামের ওই দুষ্কৃতীকে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটিও। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

কাটা আঙুলই ধরিয়ে দিল মোবাইল  ছিনতাইকারীকে, উদ্ধার চোরাই বাইক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডানহাতের কাটা আঙুলই ধরিয়ে দিল চোরাই বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে। সুব্রত সরকার নামের ওই দুষ্কৃতীকে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটিও। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

দু’দিন আগে ভবানীপুর থানা এলাকায় এক তরুণীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। তরুণী সন্ধ্যায় লেকভিউ এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় এক যুবক বাইকে করে এসে তাঁর মোবাইল ছিনতাই করে পালায় বলে অভিযোগ। তিনি লিখিত অভিযোগ জানান ভবানীপুর থানায়। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। দেখা যায়, বাইকে করে এসে এক যুবক ছিনতাই করে পালাচ্ছে। বাইকের নম্বর হাতে আসার পর খোঁজ করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, সেই বাইকটিও চুরি করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার একটি পার্কিং লট থেকে বছর দেড়েক আগে বাইকটি চুরি হয়েছিল। সিসি ক্যামেরায় অভিযুক্তের ছবি ধরা পড়ে। তা বিশ্লেষণ করে জানা যায়, তার ডান হাতের একটি আঙুল নেই। ওই ছবি নিয়ে খোঁজ শুরু হয়। এর মধ্যেই খবর আসে, সুব্রত সরকার নামের এক দুষ্কৃতীর ডান হাতে একটি আঙুল নেই। সে ট্যাংরা এলাকায় থাকে। বাইক নিয়ে সে বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়ায়। তারপরই পুলিশের টিম ট্যাংরায় গিয়ে তার ছবি নিয়ে খোঁজ শুরু করে। স্থানীয় এক ব্যক্তি ছবি দেখে জানান, তার নাম সুব্রত। এরপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, চোরাই বাইকটি দেড় বছর ধরে সে নিজের কাছে রেখে দিয়েছিল। এটি নিয়ে সে বিভিন্ন জায়গায় গিয়ে ছিনতাই করত। এভাবে কত জায়গায় সে ছিনতাই করেছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাইকটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ