Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

এক মাস ধরে বন্ধ রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, পরিষেবা বন্ধের জেরে ক্ষোভ

নানুরে এক মাস ধরে বন্ধ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। গ্রামবাসীরা অসুবিধায়, নতুন সরকারের কাছে দ্রুত পরিষেবা ফের চালুর দাবি। বিস্তারিত পড়ুন।

এক মাস ধরে বন্ধ রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, পরিষেবা বন্ধের জেরে ক্ষোভ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, বোলপুর : গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হয়েছিল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। কিন্তু গত এক মাস ধরে এই পরিষেবা বন্ধ থাকায় বীরভূমের নানুরে বাড়ছে ক্ষোভ। প্রায় ছ’মাস আগে ঘটা করে পরিষেবা চালু হলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ। ফলে নতুন সরকার গঠনের পর এই পরিষেবা দ্রুত ফের চালুর দাবিও আরও জোরালো হয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে নানুর ও লাভপুর ব্লকের জন্য একটি অত্যাধুনিক ভ্রাম্যমাণ চিকিৎসা যান চালু হয়েছিল। ওই গাড়িতে রক্ত পরীক্ষা, ইসিজি, চক্ষু পরীক্ষা-সহ একাধিক প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিলির বন্দোবস্ত ছিল। প্রতিটি শিবিরে একজন চিকিৎসক থাকতেন। সপ্তাহে মোট ছ’দিন এই পরিষেবা মিলত। যার মধ্যে তিন দিন নানুর ও তিন দিন লাভপুর ব্লকের বিভিন্ন গ্রামে শিবির হত।
এই পরিষেবার ফলে দূরবর্তী এলাকার বাসিন্দারা বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছিলেন। বিশেষ করে প্রবীণ নাগরিক থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন এই সুবিধা ভোগ করছিলেন। কিন্তু গত প্রায় এক মাস ধরে পরিষেবা বন্ধ থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।
বর্তমানে ভ্রাম্যমাণ চিকিৎসা যানটি নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে দাঁড়িয়ে রয়েছে। বহু টাকা ব্যয়ে চালু হওয়া এই প্রকল্প বন্ধ থাকায় সাধারণ মানুষ কার্যত হতাশ। 
মঙ্গলবার নানুরের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসা হেমন্ত পাল, বাসার আলিরা বলেন, গ্রামের মানুষের জন্য এই পরিষেবা খুব প্রয়োজন ছিল। এত খরচা করে ব্যবস্থা চালুর পর সেটা বন্ধ থাকা অনুচিত। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত পরিষেবাটি ফের চালু হোক।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় খরচের জোগান সংক্রান্ত কিছু সমস্যার কারণেই আপাতত পরিষেবা বন্ধ রয়েছে। যদিও বিষয়টি সাময়িক বলেই দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে নানুর ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্কর দাস বলেন, 'কিছু সমস্যা রয়েছে। সেগুলি মেটানোর চেষ্টা চলছে। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ফের চালু হবে।

সম্পর্কিত সংবাদ