নয়াদিল্লি: ভারতের টেলিকম সেক্টর শুধুমাত্র নেটওয়ার্ক, স্পেকটার্ম ও ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারি প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবা পেতে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী ৫জি পরিষেবার সূচনা ও তার প্রসারের কথা উল্লেখ করেন। মোদি বলেন, ২০২২ সালে এই মঞ্চে ৫জি পরিষেবার সূচনা করা হয়। ২০২৩ সালে আমরা জেনেছিলাম, কীভাবে তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর এখন ২০২৬ সাল চলছে। দেশের প্রতিটি জেলার পৌঁছে গিয়েছে ৫জি পরিষেবা। দেশে সাড়ে পাঁচ লক্ষের বেশি বেস স্টেশন রয়েছে। সেখান থেকে নেটওয়ার্ক পরিচালনা করা হচ্ছে। এখন মোবাইলের ইন্টারনেট স্পিড ২০২২ সালের তুলনায় ১০ গুণ বেশি।



