সংবাদদাতা, কালনা: বাচ্চাদের বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিস। ধৃতের নাম আক্কেল শেখ ও সরিফুল শেখ। বাড়ি মন্তেশ্বর থানার মৌসা গ্রামে। ধৃতদের শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
প্রসঙ্গত, মন্তেশ্বর দেনুড় পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা তফছর শেখের সঙ্গে প্রতিবেশী আক্কেল শেখের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। শুক্রবার দুই পরিবারের বাচ্চাদের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, এরপরই সন্ধ্যায় আক্কেল শেখ ও তার পরিবারের কয়েকজন তফছর শেখের বাড়িতে এসে তার ছেলে হাসিবুল শেখ সহ কয়েকজনকে বাঁশ দিয়ে মারধর করে। ঘটনায় তফছর শেখের ছেলে হাসিবুল শেখ(২৩) সহ চারজন জখম হয়। হাসিবুলকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এই ঘটনায় মন্তেশ্বর থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিস খুনের কেস রুজু করে রাতেই আক্কেল শেখ ও তার ছেলে সরিফুল শেখকে গ্রেপ্তার করে।
তফছর শেখ বলেন, ওরা মর্মান্তিকভাবে ছেলেকে বাঁশ সহ অন্যান্য জিনিস দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তফছর শেখ বলেন, ওরা মর্মান্তিকভাবে ছেলেকে বাঁশ সহ অন্যান্য জিনিস দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।



