Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে যুবতীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা ও বিপুল গাঁজা উদ্ধার

মেমারিতে যুবতীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা ও বিপুল গাঁজা উদ্ধার
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার মেমারির ১ নম্বর ওয়ার্ডের কৃষ্টিপাড়ায় এক যুবতীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিস ৪১লক্ষ টাকা এবং ৪৭ কেজি গাঁজা উদ্ধার করল। টাকা গোনার জন্য পুলিসকে মেশিন আনতে হয়। দীর্ঘক্ষণ ধরে টাকা গোনা হয়। টাকা এবং গাঁজা বেসমেন্টের মধ্যে লুকানো ছিল। বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল বড় বাহিনী নিয়ে গিয়ে বাড়িতে তল্লাশি চালান। অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ধৃত সঙ্গীতা সাহানি বেশ কিছুদিন ধরেই গাঁজার ব্যবসা করছিল বলে জানা গিয়েছে। তার মাও মাদক কারবারে যুক্ত রয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই  যুবতী ওড়িশা থেকে গাঁজা আনত। সে ছোট ছোট পুরিয়া তৈরি করে তা বিক্রি করত। ছোট পুরিয়া ১০০ টাকা করে বিক্রি হতো। কখনও ট্রেন আবার কখনও ছোট গাড়িতে তারা গাঁজা আনত। মেমারি ছাড়াও বর্ধমানের বিভিন্ন এলাকায় গাঁজা সরবাহ করত। পুলিস খবর পেয়ে ওই যুবতীর উপর নজরদারি শুরু করে। এদিন দুপুরে পুলিস পরিকল্পনা করে অভিযান চালায়। ঘরের বেসমেন্টে বিপুল পরিমাণ টাকা লুকনো ছিল। আধিকারিকরা হাতে গুনে টাকা শেষ করতে না পেরে মেশিন আনেন। ব্যাঙ্কের কর্মীদেরও ডাকা হয়। ঘরের মধ্যে গাঁজার প্যাকেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল। এই চক্রে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদের নাম পুলিস জানতে পেরেছে। ওড়িশার কয়েকজন কারবারির সঙ্গে ওই যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। শহরের মাঝেই যুবতীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় এলাকার বাসিন্দারাও অবাক হয়ে যান। অত্যন্ত সুকৌশলে তারা এই কারবার চালাত।
সম্পর্কিত সংবাদ