Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মলানদিঘির আদিবাসী পাড়ায় ফের ডায়ারিয়ার প্রকোপ, চাঞ্চল্য

মলানদিঘির আদিবাসী পাড়ায় ফের ডায়ারিয়ার প্রকোপ, চাঞ্চল্য
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের ডায়ারিয়া আক্রান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিকি গ্রামের বাসিন্দা পিঙ্কি হাঁসদা ডায়ারিয়া আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এলাকার বেশ কয়েকজন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। আমরা তৎপর রয়েছি। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে পিঙ্কিদেবীর একাধিকবার বমি, পায়খানা হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে পিঙ্কির। এলাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। খবর পেতেই বুধবার এলাকায় আসেন স্বাস্থ্যকর্মীরা। ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী শিপ্রা মণ্ডল বলেন, একজন অসুস্থ হয়ে ভর্তি। বাকিদের ওষুধ দেওয়া হয়েছে। নজরদারি চলছে। 
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুলডিহার আদিবাসী পাড়ায় ডায়ারিয়ার প্রকোপে দুই মহিলার মৃত্যু হয়েছে। তখন পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস।
সম্পর্কিত সংবাদ