নিজস্ব প্রতিনিধি, মালদহ: কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে চাষিদের জন্য পেঁয়াজ সংরক্ষণ গোলা তৈরি হচ্ছে মালদহে। জেলা জুড়ে তৈরি হবে ৫৭টি পেঁয়াজ গোলা। এক একটি গোলা তৈরি করতে খরচ হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা। তারমধ্যে রাজ্য সরকার ভর্তুকি দেবে ৬৩ হাজার ৫০৩ টাকা। বাকি টাকা চাষিদের নিজেদের খরচ করতে হবে। ইতিমধ্যেই ৫০টি গোলা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি আছে।
Advertisement
দপ্তর জানিয়েছে, ইংলিশবাজার, হবিবপুর, বামোনগোলা, চাঁচল-২, রতুয়া -২, হরিশ্চন্দ্রপুর-২, কালিয়াচক-১ এবং ২ ব্লকে দু’টি করে গোলা তৈরি হচ্ছে। এছাড়াও গাজোলে আটটি, কালিয়াচক -৩ ব্লকে ছ’টি, পুরাতন মালদহ ও রতুয়া-১ এবং হরিশ্চন্দ্রপুর-৩ ব্লকে তিনটি করে, মানিকচকে ১১টি, চাঁচল -১ ব্লকে সাতটি পেঁয়াজের গোলা তৈরি হচ্ছে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, খরিফ এবং রবি মরশুমে পেঁয়াজ চাষ করা হয়। মালদহে উৎপাদিত পেঁয়াজের ৯০ শতাংশ চাষ হয় রবি মরশুমে। বাকি ১০ শতাংশ চাষ হয় খরিফ মরশুমে। জেলায় ১৩৬৯ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। ২০২৩-২৪ সালে রবি মরশুমে ২৬ হাজার ২২৩ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। ২০২৪-২৫ রবি মরশুমে জমিতে পেঁয়াজ লাগানো শুরু হয়েছে। এবছর পেঁয়াজের উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী দপ্তর। অন্যদিকে, উদ্যানপালন দপ্তরের তরফেও চাষিদের পেঁয়াজ সংরক্ষণের গোলা তৈরি করে দেওয়া হচ্ছে। মালদহের উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, কৃষি বিপণন দপ্তরের পাশাপাশি আমাদের দপ্তর থেকেই স্বল্প খরচে পেঁয়াজ সংরক্ষণ গোলা তৈরি করা হচ্ছে। এবছর আমাদের ২৫টি গোলা তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষি বিপণন দপ্তরের সবগুলি গোলা তৈরি হয়ে যাবে। এই গোলাগুলিতে ছ’মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যাবে। এক একটি গোলায় ৯ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে।



