Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিধায়কদের, তদন্ত করে শুদ্ধিকরণ চায় তৃণমূল

কলকাতার বৈঠকে বিধায়করা দলের কিছু পদাধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ ঠুকে এসেছেন

দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিধায়কদের, তদন্ত করে শুদ্ধিকরণ চায় তৃণমূল
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কলকাতার বৈঠকে বিধায়করা দলের কিছু পদাধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ ঠুকে এসেছেন। সেসব তদন্ত খতিয়ে দেখে শীর্ষ নেতৃত্ব শুদ্ধিকরণ করবে। নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট চালানো, বালি খাদান দখল, দেবত্তর সম্পত্তিতে বাড়ি তৈরি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এক বিধায়ক লিখিত অভিযোগে জানিয়েছেন, বেআইনি বালি খাদানের মালিকদের পদ পাইয়ে দেওয়া হয়েছে। এলাকায় তারা বালি মাফিয়া হিসেবে পরিচিত। কিছু ব্লক সভাপতি কাছের লোককে একাধিক পদ পাইয়ে দিয়েছেন। এমনকী, তাঁদের কয়েকজনের স্ত্রীও পদে রয়েছেন। কোনও ব্লক সভাপতি আবার নিজের ভাইকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। তাঁরাই সেই প্রতিষ্ঠানের হর্তাকর্তা। পঞ্চায়েত সমিতিতে যেসব কাজ হয়, তা ব্লক সভাপতিদের কেউ কেউ নিজের লোকদেরই পাইয়ে দেন। ক্ষমতার জোরে কেউ কেউ খাসজমি নিজের দখলে করে নিয়েছেন। ধান কেনার সময়ও ওই নেতা ফায়দা তোলেন। দক্ষিণ দামোদরের এক নেতা গ্রামে চোখ ধাঁধানো বাড়ি তৈরি করেছেন। সেই জমির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। দেবত্তর সম্পত্তিও দখল করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন ব্লকের নেতাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করা হয়েছে। কিছু অভিযোগ নিয়ে সংশয় রয়েছে। তবে, অধিকাংশ অভিযোগের সত্যতা রয়েছে বলে নেতৃত্বের অনেকে মনে করছেন। দলের এক নেতা বলেন, জেলায় সংগঠন যথেষ্টই মজবুত। সংগঠন কারও উপর এককভাবে নির্ভর করে না। কেউ যদি ভাবে তাকে ছাড়া চলবে না, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। অভিযোগ খতিয়ে দেখে দল সঠিক সময়ে পদক্ষেপ নেবে। তৃণমূল কর্মীরা বলছেন, সরকার রাজ্যে বেশকিছু উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্প মানুষের মন জয় করেছে। প্রতিটি বুথে নিজস্ব ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। নেতাদের একাংশের জন্য দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তাঁরা নবাবি কায়দায় সংগঠন চালাতে চাইছেন। তাঁদের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সমস্ত নেতাকে ছেঁটে ফেললে দলের ক্ষতি হবে না। উল্টে লাভ হবে। 
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কলকাতায় দলের বৈঠকে নতুন পদাধিকারী ঠিক করার জন্য নাম জমা দিয়ে এসেছে। এছাড়া সহকারী সংস্থাও তালিকা তৈরি করেছে। নেতৃত্ব তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নতুন তালিকা ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। দলের আর এক নেতা বলেন, অনেক এলাকাতেই বিধায়কদের সঙ্গে ব্লক সভাপতির সুসম্পর্ক নেই। তাই বিধায়কদের জমা করা সব অভিযোগ ধ্রুবসত্য বলে ধরা হবে না। তবে প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। বিধানসভা নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির নেতারাই গুরুত্ব পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ