নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ‘আমাকে জানানো হয়নি’, বিজেপির জেলা সভাপতির ফেসবুক পোস্টে ‘অভিমানী’ মন্তব্য দলীয় বিধায়কের। শুক্রবার নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির তরফে ‘রান ফর ইউনিটি’ নামে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ না পাওয়ায় সমাজ মাধ্যমে অভিমান ব্যক্ত করতে দেখা গিয়েছে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে শুক্রবার রানাঘাটে দলের পক্ষ থেকে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে ছিলেন নদীয়া দক্ষিণ বিজেপির নতুন জেলা সভাপতি অপর্ণা নন্দী, প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় প্রমুখ। তবে, দেখা যায়নি চাকদহের বিধায়ক বঙ্কিমবাবুকে। তা নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়। দলীয় কর্মসূচির বেশ কিছু ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন জেলা সভাপতি অপর্ণাদেবী। তাতে প্রকাশ্যেই বিধায়ক মন্তব্য করেন, ‘দলের অনুষ্ঠানের কথা আমাকে জানানো হয়নি। আপনাকে বিষয়টি জানিয়ে রাখলাম। স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের পর জলঘোলা শুরু হয়। প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা ভোটের আগেই বিজেপির ঘরে ফাটল ধরতে শুরু করেছে? অবশ্য এই জল্পনা উড়িয়ে দিয়েছে গেরুয়া নেতৃত্ব।
নদীয়া দক্ষিণ সংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। দলের মধ্যে বিভেদের কোনও ব্যাপারই নেই। ওঁকে ফোন করা হয়েছিল। উনি ব্যস্ত ছিলেন বলে তখন ফোনটা ধরতে পারেননি। রাজনৈতিক জলঘোলা শুরু হতেই ভিন্ন মন্তব্য করেন বঙ্কিমবাবু। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে ফোন করেছিলেন। তিনি ফোন কল খেয়াল করেননি। বিধায়ক মুখে এ কথা বললেও সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট তিনি সরাননি।
রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, আমরা অন্য দল নিয়ে চিন্তা করি না। বিজেপি এবার রানাঘাটের মানুষের কাছে তাদের উত্তর পেয়ে যাবে। তাদের দলে ফাটল থাকুক বা না থাকুক, ভোটে তারা পর্যুদস্ত হবে।