সংবাদদাতা, বোলপুর: লাভপুরকে পর্যটন মানচিত্রে বিশেষ গুরুত্ব দিতে উদ্যোগী হয়েছেন বিজেপির দেবাশিস ওঝা। পর্যটন পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের কাছে ১৪৮ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প রিপোর্ট জমা দিয়েছেন তিনি। তার মধ্যে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে বলে বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। এর আগে অবশ্য পর্যটন দপ্তরের আধিকারিকেরা লাভপুরে এসে প্রস্তাবিত এলাকাগুলি ঘুরে দেখেছেন। জানা গিয়েছে, প্রস্তাবিত প্রকল্পের অন্যতম আকর্ষণ লাভপুরের ঐতিহ্যবাহী ফুল্লরা সতীপীঠ। একান্নপীঠের অন্যতম এই তীর্থক্ষেত্রে সারাবছরই পুণ্যার্থীদের আনাগোনা থাকে। এবার সেই মন্দির প্রাঙ্গণকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। মন্দিরের সৌন্দর্যায়ন, আলোকসজ্জা, নতুন রাস্তা, পার্ক এবং পর্যটকদের থাকার জন্য অতিথি নিবাস সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বাড়ানো হবে বিভিন্ন সুযোগ-সুবিধা। লাভপুরের সাহিত্য ও ঐতিহাসিক ঐতিহ্যকেও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। তাঁর সাহিত্যকর্মে বিশেষভাবে উঠে আসা হাঁসুলি বাঁককেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এলাকার অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলিকেও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের বাজেটেও বীরভূমের শক্তিপীঠগুলিকে যুক্ত করে শক্তিপীঠ পর্যটন সার্কিট গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। তারাপীঠ, ফুল্লরা, নন্দীকেশ্বরী, বক্রেশ্বর ও কঙ্কালীতলার মতো তীর্থক্ষেত্রগুলিকে কেন্দ্র করে পর্যটনের প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে বৃহত্তর এই পরিকল্পনায় লাভপুরের গুরুত্ব আরও বাড়তে পারে। বিধায়কের দাবি, প্রকল্প বাস্তবায়িত হলে লাভপুরের পর্যটন শিল্পে নতুন দিশা খুলবে। বাড়বে ব্যবসা-বাণিজ্য। উপকৃত হবেন স্থানীয় হোটেল ব্যবসায়ী, হস্তশিল্পী ও ছোট ব্যবসায়ীরা। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
বিধায়ক দেবাশিস ওঝা বলেন, আমরা ১৪৮ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি। তার মধ্যে প্রায় ১০০ কোটি টাকার কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। সম্প্রতি রাজ্য সরকারের পর্যটন দপ্তরের আধিকারিকেরা এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। খুব দ্রুত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ শুরু হবে। আমাদের সরকার সর্বতোভাবে লাভপুরের উন্নয়নে উদ্যোগী। দীর্ঘদিন ধরেই লাভপুরের বাসিন্দাদের দাবি ছিল, এলাকার ঐতিহ্যকে ঘিরে পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হোক। এবার সেই উদ্যোগ বাস্তবায়িত হলে লাভপুর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে। এখন নজর প্রকল্পের অনুমোদন এবং কাজ শুরুর দিকে।



