নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হাসপাতালে খাবারের মান ও বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ কি না, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ব্যান্ডেল ইএসআই হাসপাতাল পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। খাবারের মান খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। যদিও হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ খারিজ করেছে কর্তৃপক্ষ। এদিন সকালে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ঢুকে দীর্ঘক্ষণ রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। কারণ হাসপাতালে খাবারের মান নিয়ে ইতিপূর্বে অভিযোগ পেয়েছিলেন তিনি। তাই এদিন বিধায়ক নিজে রোগীদের জন্য তৈরি করা খাবার পরখ করে দেখেন। খাবারের মান যথেষ্ট ভালো বলে জানান তিনি। এরপরেই হাসপাতাল সুপারের ঘরে যান বিধায়ক। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন কাজে একাধিক বেআইনি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।



