নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল কলকাতায় ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ নিয়ে উচ্ছাসে ভেসেছিলেন অনেকে। দেশ বিদেশের বহু মানুষ এসেছিলেন খেলা দেখতে। সেরকমই নাগাল্যান্ড থেকে এসেছিলেন দুই মহিলা। তারাও খেলা শেষে হোটেলে ফিরে উচ্ছাসে মেতে ছিলেন। আর এই উচ্ছাসের মাঝেই নাগাল্যান্ডের ওই দুই মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানীর অভিযোগ উঠে এল কলকাতার একটি নামী পাঁচাতারা হোটেলের লবিতেই । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মাঝ রাতে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপর হোটেলের ঘর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১২টা ৩০ থেকে রাত ১টার মধ্যে ঘটনাটি ঘটে। দিমাপুরের বাসিন্দা এক মহিলা তাঁর লিখিত অভিযোগে জানান, তিনি এবং নাগাল্যান্ডের আরও এক মহিলা কলকাতার ওই হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের নিয়ে উচ্ছ্বাসে মেতে ছিলেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁদের দু’জনকেই আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। ঘটনায় তাঁদের শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগকারিণীর দাবি। ঘটনার পর প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগ পাওয়ার পরই হোটেলের লবিতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পরে। অভিযোগকারিণীও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন। এরপর তাঁর গতিবিধি অনুসরণ করে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম পলাশ রায় (৫৬)। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বলে জানা গিয়েছে।