নিজস্ব প্রতিনিধি, মালদহ: গত সেপ্টেম্বর মাসে পূর্ব রেলের মালদহ ডিভিশন প্রায় ৩২.৩৭ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়ে ৫২.০৯ কোটি টাকা আয় করেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ২৯ লক্ষ যাত্রী মালদহ ডিভিশনের পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আয় হয়ে ছিল ৪২.৬৮ কোটি টাকা।
২০২৬–২৭ অর্থবর্ষের প্রথম ছয় মাস (এপ্রিল–সেপ্টেম্বর ২০২৬)-এ মালদহ ডিভিশনে যাত্রী পরিবহণের সংখ্যা বেড়ে ২.১৪ কোটি হয়েছে এবং যাত্রী আয় দাঁড়িয়েছে ৩০৮.৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যাত্রী পরিবহণে ৮.৫০ শতাংশ এবং যাত্রী আয়ে ১৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
টিকিট পরীক্ষার ক্ষেত্রেও মালদহ ডিভিশন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে টিকিট পরীক্ষার মাধ্যমে প্রায় ১.৫২ কোটি টাকা আয় হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১১৩ শতাংশ বেশি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৫২ শতাংশ বেশি।
চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টিকিট পরীক্ষার মাধ্যমে সঞ্চিত আয় দাঁড়িয়েছে ১২.৭৩ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এই আয় ছিল ৬.৮৮ কোটি টাকা অর্থাৎ, বছরের হিসেবে এই ক্ষেত্রে ৮৫ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।