সংবাদদাতা, কাঁথি: দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথধাম গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুধবার দীঘায় বড়সড় মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত মিছিল পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণকুমার জানা, জেলা পরিষদ সদস্য আনোয়ারউদ্দিন সহ অন্যান্য নেতারা। রামনগর-১ ও ২ ব্লকের নেতারা মিছিলে হাজির ছিলেন। মিছিল শেষে সভাও হয়। সেখানে নেতারা বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথদেবের মন্দির গড়ে উঠেছে। তাঁরা অভিযোগ করেন, জগন্নাথ মন্দির নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি কুৎসা ও অপপ্রচার করছে। এদিন তার তীব্র প্রতিবাদ জানানো হয়।



