সংবাদদাতা, মেখলিগঞ্জ: বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের স্বামী ও ভাইকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার রাতে মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান অনিমা রায়ের বাপের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে কুচলিবাড়ি থানার পুলিস। সেই সময় পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলা প্রধান অনিমা রায়ের স্বামী দয়াল রায় ও ভাই সুবোধ রায়কে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্ত দু’জনকে বুধবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
ধৃত দয়াল রায়ের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় জানিয়েছেন, ১০৪ নম্বর ফুলকাডাবরি গ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে পুলিসের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। প্রধান অনিমা রায়ের বাবা কার্তিক রায়ের বাড়ি থেকে ৪৯ বোতল মদ এবং ৩০ বোতল বিয়ার উদ্ধার হয়েছে। যদিও বাড়ির লোকজনের দাবি ছিল, তাঁদের বাড়ি থেকে কোনও মাদকদ্রব্য পাওয়া যায়নি। পুলিস মিথ্যে মামলা সাজিয়েছে।



