Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে মিচেল স্টার্ক

চোটের কারণে নেই প্যাট কামিন্স। তাই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে মিচেল স্টার্ক
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: চোটের কারণে নেই প্যাট কামিন্স। তাই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ১৯ অক্টোবর প্রথম ওয়ান ডে। পারথের বাউন্সি পিচে স্টার্ক বনাম কোহলির দ্বৈরথ দারুণ উপভোগ্য হতে পারে।

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি পাঁচটি টি-২০’ও খেলবে ভারত। ম্যাচগুলি হবে যথাক্রমে ক্যানবেরা (২৯ অক্টোবর), মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ড কোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেন (৮ নভেম্বর)। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই কারণে বিশের ফরম্যাটে দুই দেশের লড়াই পাবে বাড়তি গুরুত্ব। একদিনের সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে। অধিকাংশ ম্যাচে টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আসলে কোহলি-রোহিতরা গত মার্চের পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে খেলবে ওয়ান ডে সিরিজে। অনেকে বলছেন, এটাই সম্ভবত হতে যাচ্ছে দুই মহাতারকার বিদায়ী মঞ্চ। সীমিত ওভারের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী দল। সেই কারণেই বাড়তি সমীহ আদায় করে নিচ্ছে অজি শিবিরে। তাই স্কোয়াড বাছতে গিয়ে অজি নির্বাচকরা ভারসাম্যের উপর বাড়তি জোর দিয়েছেন। মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ পেসারকে ফিরিয়ে কামিন্সের অভাব ঢাকার চেষ্টা স্পষ্ট। একই সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারকেও। 
মার্নাস লাবুশানের উপর নির্বাচকরা আস্থা রাখতে পারেননি। ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় ম্যাট রেনশ’র অভিষেকের সম্ভাবনা রয়েছে। আসলে গত দশটি ওয়ান ডে ম্যাচে লাবুশানে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। সর্বাধিক রান ৪৭। অ্যালেক্স কেরি প্রথম ম্যাচে নেই। বাকি দু’টি ম্যাচে তাঁকে পাবে ক্যাঙারু বাহিনী। দুই সিরিজেই উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন জস ইংলিশ। কব্জি ভেঙে যাওয়ায় টি-২০ স্কোয়াডে নেই গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাসেজের কথা মাথায় পেরে ক্যামেরন গ্রিনকে শিল্ডে খেলার পরামর্শ দিয়েছেন নির্বাচকরা। 
অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াড:  মিচেল মার্শ (ক্যাপ্টেন), ট্রাভিস হেড, জস ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাথু শর্ট, জস হ্যাজলউড, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, অ্যাডাম জাম্পা, বেন দারসুইস, ম্যাথু রেনশ, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক ও কুপার কনোলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ