Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

করমর্দন বিতর্কে শুভমানদের খোঁচা মিচেল মার্শের, অস্ট্রেলিয়া রওনা হল টিম ইন্ডিয়া

টিমবাসে সামনের আসনে বিরাট কোহলি। উঠতে গিয়ে দূর থেকেই তা চোখে পড়ল রোহিত শর্মার

করমর্দন বিতর্কে শুভমানদের খোঁচা মিচেল মার্শের, অস্ট্রেলিয়া রওনা হল টিম ইন্ডিয়া
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টিমবাসে সামনের আসনে বিরাট কোহলি। উঠতে গিয়ে দূর থেকেই তা চোখে পড়ল রোহিত শর্মার। মাথা ঝুঁকিয়ে হাত জড়ো করে নমস্কারের ভঙ্গি করলেন তিনি। জবাবে উঠে দাঁড়ালেন কোহলি। হিটম্যান বাসে উঠতেই দিলেন পিঠ চাপড়ে। দীর্ঘদিন বাদে দেখা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এই প্রথম দু’জনে ভারতীয় দলে। আবেগ-উচ্ছ্বাস সেজন্যই বাঁধ মানল না তারকা জুটির। 

Advertisement

ওডিআই ফরম্যাটে নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। তাঁর সঙ্গে পূর্বসূরির সাক্ষাতেও থাকল আন্তরিকতা। টিম হোটেলের লবিতে পিছন থেকে এসে রোহিতকে ডাকলেন গিল। ঘুরে তাকিয়েই তাঁকে জড়িয়ে ধরলেন রোহিত। বললেন, ‘আরে গিল! কী খবর ভাই?’ কোহলির সঙ্গে নতুন ক্যাপ্টেনের দেখা হল টিমবাসে। শ্রেয়স আয়ারের সঙ্গে বাঁ-দিকের সামনের সিটেই ছিলেন ভিকে। হাত বাড়িয়ে দিলেন তিনি। হাসতে হাসতে করমর্দন সারলেন গিল। এরপর শ্রেয়সের সঙ্গে হাত মেলালেন তিনি।
বিমানবন্দরে যাওয়ার জন্য ক্রিকেটাররা টিমবাসে ওঠার সময় হোটেলের বাইরে ভিড় করে ছিলেন অজস্র ক্রিকেটপ্রেমী। তার মধ্যে ছিল আরসিবি’র জার্সি পরা এক কিশোরও। কোহলির পোস্টারও এনেছিল সে। প্রিয় নায়কের অটোগ্রাফ পাওয়াই ছিল লক্ষ্য। কিন্তু নিরাপত্তারক্ষীদের কর্ডনের ভিতরে প্রবেশের উপায় ছিল না। তা দেখতে পেয়ে উদ্যোগ নিলেন খোদ কোহলিই। নিরাপত্তারক্ষীদের বললেন সেই পোস্টার টিমবাসের ভিতরে আনতে। তারপর তাতে সই করলেন। নিরাপত্তারক্ষীরা তা পৌঁছে দিলেন কিশোরের হাতে।
বোর্ডের পোস্ট করা ভিডিওর এমন টুকরো টুকরো ছবি হয়ে উঠছে প্রতীকী। বোঝা যাচ্ছে নতুন চ্যালেঞ্জের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। তবে পুরো দল একসঙ্গে অস্ট্রেলিয়া রওনা হতে পারেনি। লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, নীতীশ কুমার রেড্ডি, ওয়াসিংটন সুন্দর, ধ্রুব জুরেল, হর্ষিত রানারা গেলেন গিলদেরই সঙ্গে। আর কোচ গৌতম গম্ভীর ও সাপোর্ট স্টাফরা গেলেন পরে। সবার একসঙ্গে টিকিটের ব্যবস্থা করা যায়নি বলেই দু’ভাগে যাত্রা।
রবিবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। তবে গিল ব্রিগেড ডনের দেশে পা রাখার আগেই চিমটি কাটা শুরু অস্ট্রেলিয়ার। এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। মহিলাদের ওডিআই বিশ্বকাপেও দেখা গিয়েছে একই ছবি। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত। তবে করমর্দন কাণ্ড নিয়ে ব্যঙ্গ চলছে অস্ট্রেলিয়ান মিডিয়ায়। এক ভিডিওতে অ্যাঙ্কর মজার ছলে এই নিয়ে মন্তব্য করেন। তারপর অজি ক্রিকেটাররা শুরু করেন রসিকতা। সেই তালিকায় ছিলেন জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ওডিআই ক্যাপ্টেন মিচেল মার্শ। এমনকী, অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলিও বিদ্রুপ করেন, যা মোটেই ভালোভাবে নিচ্ছে না নেট দুনিয়া। কারণ, হাত না মেলানোটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ। সেটা যে কোনওভাবেই হাসি-ঠাট্টার বিষয় হতে পারে না, তা মনে করিয়ে দিয়েছেন অনেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ