বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমে ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। মূলত পরিবহণের কাজে এই ধরনের বিমান ব্যবহার করা হয়। আজ, শনিবার সকালে জোরহাটের রৌরিয়া সেনাঘাঁটিতে অতরণের পরে বিমানটি ভেঙে পড়ে। এর পরই সেটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। এখনো তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আধিকারিকদের দল।
এএন-৩২ বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও এর কারণ এখনো স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি বা কোনো ব্যক্তির হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও সরকারি তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আরো তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বায়ুসেনার রৌরিয়া বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে গোটা উত্তরপূর্বাঞ্চলে সামরিক কার্যকলাপ অনেকটা নিয়ন্ত্রণ করা হয়। আবার, দেশকে গত কয়েক দশক ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে এএন-৩২ বিমানগুলি। যা ‘ওয়ার্কহর্স’ নামেও পরিচিত। সোভিয়েত জমানায় এগুলি প্রথম তৈরির সময় ভারতীয় বাহিনীর প্রয়োজনের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল। যে কোনো আবহাওয়া বা দুর্গম এলাকায় সেনাবাহিনীর প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এর জুড়ি মেলা ভার। সাড়ে সাত টন পর্যন্ত পণ্য পরিবহণ করতে পারে। বর্তমানে বায়ুসেনার হাতে অন্তত একশটি এএন-৩২ বিমান আছে।