Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এবার ইন্দোনেশিয়া বধ, ১৭ গোল ভারতীয় মহিলা হকি দলের

এশিয়ান গেমসে গোলের ধারা অব্যাহত ভারতীয় মহিলা হকি দলের। ১৯ গোলে উজবেকিস্তানকে হারিয়েছিল আগেই। এবার ১৭ গোল দিল ইন্দোনেশিয়ার দলকে।

এবার ইন্দোনেশিয়া বধ, ১৭ গোল ভারতীয় মহিলা হকি দলের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮
Prefer us on Google

টোকিও, ২১ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে গোলের ধারা অব্যাহত ভারতীয় মহিলা হকি দলের। ১৯ গোলে উজবেকিস্তানকে হারিয়েছিল আগেই। এবার ১৭ গোল দিল ইন্দোনেশিয়ার দলকে। পুল বি-র দ্বিতীয় ম্যাচে আজ, সোমবার শেষমেশ ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলের ব্যবধানে হারায় ভারতীয় মহিলা হকি দল। হ্যাটট্রিক করেন নবনীত, রতুজা এবং দীপিকা। এর আগের ম্যাচে উজবেকিস্তানকে দীপিকা একাই ৮ গোল দিয়েছিলেন। সেই ধারা বজায় রইল এই ম্যাচেও। এদিন ম্যাচের শুরু থেকেই ইন্দোনেশিয়ার রক্ষণে বড়সড় ফাটল দেখা দেয়। ভারতের মুর্হুমুর্হুর আক্রমণে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেটি। প্রথম দুটি কোয়ার্টারে ভারতীয় মহিলা দল ৯টি গোল করে ফেলে। বিরতির পর অন্য কোয়ার্টেরও সেই ধারা সমানতালে বজায় ছিল। টিম ইন্ডিয়া তৃতীয় (৫) এবং চতুর্থ কোয়ার্টারে (৩) দেয় আরও ৮টি গোল। শেষের দিকে বেশ কয়েকটি পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট না হলে এই গোলের সংখ্যা আরও বাড়তে পারত বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, তৃতীয় কোয়ার্টারে মাত্র ১টি গোল করে কোনোরকমে মুখ রক্ষা করতে সক্ষম হয় ইন্দোনেশিয়ার দল। এই গোলটি করেন ইন্নেস। অপরদিকে, ভারতের হয়ে নবনীত, রতুজা এবং দীপিকার হ্যাটট্রিকের পাশাপাশি ২টি করে গোল করেন সুনেলিতা, স্বাক্ষী এবং লালরেমসিয়ামি। ঈশিতা এবং সালিমা ১টি করে গোল করেন। বিশেষজ্ঞদের মতে, এই ধারা বজায় থাকলে এশিয়ান গেমসে সোনা জয় খুব কঠিন হবে না ভারতীয় মহিলা হকি দলের পক্ষে। আর তা হলেই মিলতে পারে ২০২৮ সালের লস এঞ্জেলসের ওলিম্পিক্সে খেলার সুযোগও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ