বড়ো রান জুরেলদের
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিঙ্কন: নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে চালকের আসনে ধ্রুব জুরেল বাহিনী। রবিবার, ম্যাচের দ্বিতীয় দিনে পাঁচ উইকেটে ৪৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত ‘এ’। জবাবে, দুই উইকেটে ৩৬ তুলেছে নিউজিল্যান্ড ‘এ’। অর্থাৎ, এখনও ৪২৮ রানে পিছিয়ে হোমটিম।

Advertisement

এদিন দুই উইকেটে ২২৭ নিয়ে খেলা শুরু করেছিল ভারত। ৭৭ রানে থাকা সাই সুদর্শন শতরানের সম্ভাবনা জাগিয়েওছিলেন। কিন্তু তিনি ফেরেন ৮৮ রানে। তাঁর ২৫৫ বলের ইনিংসে রয়েছে ১১টি বাউন্ডারি। অধিনায়ক জুরেল তুলনায় ছিলেন বেশি আক্রমণাত্মক। ৯৫ বলে তাঁর সংগ্রহ ৭১। তিনি ৯টি চারের পাশাপাশি মারেন ২টি ছক্কাও। এরপর দলকে টানেন তিলক ভার্মা। ১৬৪ বলে তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। ১৬৪ বল খেলে তিলক মারেন ৫টি চার ও ২টি ছক্কা। অর্ধশতরান করেন ওয়াশিংটন সুন্দরও। তাঁর অপরজিত ৫০ সাজানো দু’টি বাউন্ডারিতে। রবীন্দ্র জাদেজা করেন ২৫। কিউয়ি বোলারদের মধ্যে জ্যাক গিবসন সফলতম (২-৭৩)।
তৃতীয় সেশনে ডিক্লেয়ার করে ভারত ‘এ’। তারপর ক্রিকেটপ্রেমীদের নজরে ছিলেন যশপ্রীত বুমরাহ। প্রায় এক বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন তিনি। প্রথম ওভারে মেডেন নেন বুমবুম। বেশ কয়েকবার পরাস্তও করেন ব্যাটারদের। কিন্তু ৬ ওভারে কোনো উইকেট পাননি তিনি। নিউজিল্যান্ডের দুটো উইকেটই নেন চোট সারিয়ে ফেরা প্রসিদ্ধ কৃষ্ণা।