নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলিরা। আর সেই পারফরম্যান্সকে প্রেরণা করে কিউয়ি মুলুকে উড়ে গেলেন বিশাল কাইথ, রায়ান উইলিয়ামসরা। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গেলেন এডমুন্ড।
স্যার রিচার্ড হ্যাডলির দেশে এবার ফুটবল যুদ্ধে নামবে ভারতীয় দল। রবিবার গভীর রাতে নিউজিল্যান্ড রওনা হয় খালিদ ব্রিগেড। আগামী ১২ ও ১৫ নভেম্বর যথাক্রমে অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে ম্যাচ। কিউয়িদের বিরুদ্ধে রীতিমতো মর্যাদার লড়াই। অক্টোবরের গোড়ায় যুবভারতীতে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলেছে ভারত। হেভিওয়েট প্রতিপক্ষের বিপক্ষে খেলে কতটা লাভবান হয়েছেন অভিষেক, আকাশ মিশ্ররা, তার আঁচ পাওয়া যাবে নিউজিল্যান্ডেই।
ফিফা র্যাংকিংয়ে ৮৮ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, ভারত রয়েছে ১৩৮ নম্বর স্থানে। অ্যাওয়ে ম্যাচে কনকনে ঠান্ডায় কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে কোচ খালিদের জন্য। তার উপর প্রস্তুতির জন্য বেশি সময়ও পাননি তিনি। তবে সবাই ম্যাচের মধ্যেই রয়েছেন। তাই ফিটনেসে ঘাটতি থাকার কথা নয়। তবে দল নির্বাচন নিয়ে বিতর্ক থাকছেই। লিস্টন কোলাসো, বিজয় ভার্গিসরা স্যাফের দলে সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশ থেকে শাটল ককের মতো তাঁরা নিউজিল্যান্ড যাবেন। পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা বিশাল কাইথের দিকে নজর রাখতে হবে। গুরপ্রীত সিংকে বাদ দিয়ে মোহন বাগান গোলরক্ষককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। লাল-হলুদের তরুণ স্ট্রাইকার ডেভিডও রয়েছেন সিনিয়র দলে। তাঁদের কাছেও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ।



