মাদুরাই: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ৭ নম্বর। দীর্ঘ কেরিয়ারে সিংহভাগ সময়টাই এই নম্বরের জার্সি পরে খেলেছেন তিনি। তাই পর্তুগিজ মহাতারকা আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতেই তাঁকে বিশেষ সম্মান জানালো ডাচ বিমানসংস্থা ট্রানসাভিয়া। পর্তুগালের শহর ফুঁশালগামী বিমানের ‘৭সি’ সিটটি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিমান সংস্থার কর্তারা। উল্লেখ্য, এই শহরের এক ছোট্ট অঞ্চল মাদুরাইয়ে জন্মগ্রহণ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। সিটের গায়ে রোনাল্ডোর জার্সি রাখা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সংস্থাটি লেখে, ‘সিআরসেভেন বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরাও ফুঁশালগামী বিমানের ‘৭সি’ সিটটি চিরতরে অবসরে পাঠালাম।’
এদিকে, রোনাল্ডোর অবসরের পর পর্তুগাল জাতীয় দলের নতুন অধিনায়ক হলেন বের্নার্ডো সিলভা। মূলত অভিজ্ঞতার নিরিখেই তাঁর হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড তুলে দিলেন কর্তারা। ১৪ নভেম্বর ডেনমার্কের বিরুদ্ধে সিলভার নেতৃত্বে মাঠে নামবে দল। তবে ফেডারেশন কর্তাদের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন ব্রুনো ফার্নান্ডেজ। রোনাল্ডোর জায়গায় তিনিই জাতীয় দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তেমনটা না ঘটায় অধিনায়কত্ব নিয়ে পর্তুগাল শিবিরে নতুন করে অশান্তির আঁচ দেখা দিতে পারে বলেই মনে করছেন অনেকে।



