Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁকা রাস্তায় টোটোচালকের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীর

যাত্রী সেজে টোটোয় ওঠা। এবং ফাঁকা রাস্তায় যেতেই ব্যাগ থেকে দড়ি বের করে টোটোচালকের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা এক দুষ্কৃতীর।

ফাঁকা রাস্তায় টোটোচালকের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীর
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট:  যাত্রী সেজে টোটোয় ওঠা। এবং ফাঁকা রাস্তায় যেতেই ব্যাগ থেকে দড়ি বের করে টোটোচালকের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা এক দুষ্কৃতীর। এরপর টোটোচালককে রাস্তার ধারে ফেলে দিয়ে টোটো নিয়ে পালাল দুষ্কৃতী। মাঠে কাজ করতে করতে ওই দৃশ্য দেখতে পেয়ে ছুটে আসেন এক কৃষক। এরপর গুরুতর অসুস্থ ওই টোটো চালককে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পতিরাম থানার ৫১২ জাতীয় সড়কের দশমাইল এলাকায়। পতিরাম থানার পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ওসি সৎকার সাংবো বলেন, এখনও লিখিত অভিযোগ আসেনি। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

পুলিস সূত্রে খবর, আহত টোটো চালকের নাম রবিউল মোল্লা। বাড়ি কুমারগঞ্জের ছাতিমতৈর গ্রামে। টোটোটি মূলত রবিউলের বাবা চালান। এদিন সকালে বাবা বাড়িতে না থাকায় রবিউলই গ্রাম থেকে একজন যাত্রীকে নিয়ে পতিরাম বিএসএফ ক্যাম্পে আসেন। ফেরার পথে পতিরামের বাহিচা থেকে এক যুবক টোটোতে ওঠে। সে দশমাইলের কাছে একটি ইটভাটার কাছে যাবে বলে টোটোচালককে জানায়। কিছুটা পথ যাওয়ার পরই ফাঁকা রাস্তায় পিছন থেকে টোটোচালকের গলায় দড়ি পেঁচিয়ে ধরে যাত্রীবেশে থাকা দুষ্কৃতীটি। প্রাণ যায় যায় অবস্থা হয় টোটোচালকের। রাস্তার ধারে খেতে কর্মরত এক কৃষক বিষয়টি দেখতে পেয়ে চেঁচিয়ে দৌঁড়ে আসেন। কিন্তু তার আগেই টোটোচালককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টোটো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীটি। তড়িঘড়ি জখম টোটো চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জখমের বাবা জালালুদ্দিন মোল্লা বলেন, আর একটু হলেই আমার ছেলের প্রাণ চলে যেত। টোটো ছিনতাইকারী দুষ্কৃতীর নাম পরিচয় জানতে পেরেছি। এখন ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। পরে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ