সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের খিদিরপুরে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সুস্বাস্থ্যকেন্দ্রও। রাতের অন্ধকারে মদের বোতল ছুড়ে ভেঙে ফেলা হল জানালার কাচও। ভিতরে ঢুকতে না পারলেও সুস্বাস্থ্যকেন্দ্রের পাইপ সহ নানা সামগ্রী চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। এদিকে, স্বাস্থ্যকেন্দ্রের পাশেই রয়েছে দু’টি প্রাথমিক স্কুল। সেই চত্বরে রাতভর চলে নেশার আসর। সকালে স্কুলের বারান্দায় পড়ে থাকে মদের বোতল। প্রায় দিনই শিক্ষকদের সেই মদের বোতল কুড়িয়ে ফেলে দিতে হয়। এমনকী স্কুলের পরিত্যক্ত ঘরগুলিতে অসামাজিক কার্যকলাপ চলে বলেও অভিযোগ। মঙ্গলবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে দুষ্কৃতী তাণ্ডবের এমন চিত্র নজরে আসতেই মুখ খুলছেন স্বাস্থ্যকর্মী ও শিক্ষকরা। তাঁরা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার নাসরিমা পারভিন বলেন, রাতে দুষ্কৃতীরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রের জানালার কাচ ভেঙে দিয়েছে। আশপাশে মদের খালি বোতল পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি রাতের এখানে দুষ্কৃতীরা নেশা করে। তারাই একাজ করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এনিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।
বালুরঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিক অপর্ণা সরকার বলেন, বিষয়টি উদ্বেগের। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয় রয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এবিষয়ে মুখ খুলেছেন পাশে থাকা খিদিরপুর জিএসএফপি প্রাথমিক স্কুল এবং খিদিরপুর এফপি ২ (এম) স্কুলের শিক্ষক শিক্ষিকারা। খিদিরপুর জিএসএফপি’র ভারপ্রাপ্ত শিক্ষক রাজকুমার আগরওয়াল বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়াশোনা করে। মাঝেমধ্যেই আমাদের স্কুলের বারান্দায় মদের বোতল পড়ে থাকে। এগুলি দেখলে শিশুমনে প্রভাব ফেলে। তাই আমরা সবসময় বাধ্য হয়ে নিজেরাই মদের বোতল ফেলে দিই। স্কুলের পরিত্যক্ত ঘরেও দুষ্কৃতীদের ঠেক বসে। এনিয়ে খুব চিন্তায় আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুরে একটি মাঠের মধ্যে রয়েছে সুস্বাস্থ্যকেন্দ্র। ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। দুই তলা ভবন বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রটিতে টেলি মেডিসিন পরিষেবাও রয়েছে। নতুনভাবে নির্মিত ভবনের নীচতলায় স্বাস্থ্য আধিকারিকরা বসেন। সেই ঘরের জানালার কাচ মদের বোতল দিয়ে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এমনকী ছাদের উপরে উঠেও একটি জানালা ভাঙা হয়েছে এবং জলের পাইপ খুলে নিয়ে গিয়েছে। ভাঙা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের জানালার কাচ। - নিজস্ব চিত্র।