সংবাদদাতা, বনগাঁ: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম ফারুক দফাদার (৩৬)। গোপালনগর থানার সহিসপুর গ্রামের বাসিন্দা তিনি। ধৃতের কাছ থেকে পুলিশ একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মহাতপুর চরতলায় অভিযান চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অন্যদিকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম গোপাল বিশ্বাস (৪৫)। বনগাঁ থানার জয়পুর মাঝেরপাড়ার বাসিন্দা তিনি। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এক এলাকাবাসীর কাছে টাকা দাবি করেন অভিযুক্ত। ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ভয়ও দেখান। থানায় অভিযোগ হলে পুলিশ ওই তোলাবাজকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়। আদালত পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। পাশাপাশি, নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।



