Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণের অভিযোগ নদীয়ার নাবালক ইউটিউবার গ্রেপ্তার

নিজের ভিডিও ও ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখিয়ে এক নাবালিকাকে  ফাঁদে ফেলে ধর্ষণ করে এক ইউটিউবার।

নাবালিকা ধর্ষণের অভিযোগ নদীয়ার নাবালক ইউটিউবার গ্রেপ্তার
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নিজের ভিডিও ও ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখিয়ে এক নাবালিকাকে  ফাঁদে ফেলে ধর্ষণ করে এক ইউটিউবার। মঙ্গলবার রাতে নদীয়ার একটি হোটেল থেকে ওই ইউটিউবারকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিস। অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই গ্রেপ্তারির পরে সামাজিক মাধ্যমেও ওই নাবালক ইউটিবারের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছেন নেটিজেনরা। 

Advertisement

বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, ওই নাবালকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমরা পকসো ধারায় মামলা করেছি। একটি হোটেলে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে আমরা পেশ করেছি। তাকে হোমে পাঠানো হবে। 
ওই নাবালিকার দাবি, মোবাইলে ভিডিও ও ফলোয়ারের সংখ্যা দেখিয়ে টোপ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার পর ওই ইউটিউবার তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। নাবালিকা বলে, আমার একটা ভিডিও করেছিল ও। তারপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত। আমাকে বলত, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি ওই ভিডিও পোস্ট করব। তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। এখন সেই ভিডিও ভাইরাল করে দিয়েছে। ও আমার জীবনটাই বরবাদ করে দিয়েছে। আমি ওর জন্য মরতে যাচ্ছিলাম। আমি ওর শাস্তি চাই। 
নাবলিকার মা বলেন, মেয়ের বয়স ১৭। কী করে মেয়ের নম্বর পেয়েছিল জানি না। মেয়েকে বারবার ফোন করে খুব বিরক্ত করত ছেলেটা। ছেলেটিই প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমার মেয়ে ওকে বিয়ে করতে অস্বীকার করে। গত ফেব্রুয়ারি মাসে ছেলেটি আমাদের বাড়িতে এসেছিল। তারপর কথাবার্তা এগয়। আমরা গরিব মানুষ। ছেলেটাকে খুব একটা ভরসা হয়নি। তারপর এখন এই ঘটনা। কী করব বুঝতে পারছি না। পুলিসকে গোটা বিষয়টি জানিয়েছি। 
মুর্শিদাবাদের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, যে নিজে নাবালক হয়ে এত জ্ঞান দিত তার এই চরিত্র! কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না। অনেক মেয়েরই ও সর্বনাশ করেছে বলে এখন অভিযোগ পাওয়া যাচ্ছে। পুলিস উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ